
সিডরের পর সুন্দরবনে গিয়ে বিষণ্নতায় ভারাক্রান্ত হলো মন। আহা, গাছগুলো দুমড়েমুচড়ে বিধ্বস্ত হয়ে প্রাণে বাঁচিয়ে দিল আমাদের। পশুর নদে লঞ্চের ছাদে একা একা মধ্য-দুপুরে সংকল্প করলাম, আমি আবার ব্যান্ড করব এবং নাম হবে ‘গাছ’। গাছই হচ্ছে পৃথিবীর একমাত্র জীবন্ত কিছু, যে অন্যকে হত্যা না করেই নিজ দেহ থেকে খাদ্য গ্রহণ করে। গাছ মানেই আমাদের নিশ্বাস। পানির অপর নাম জীবন হলে গাছকে কী বলবেন? গাছ না থাকলে অক্সিজেন থাকত না। মাটির ওপরে প্রাণীকুল তো দূরের কথা, পানির নিচে মাছও বেঁচে থাকতে পারত না গাছের অবর্তমানে। শুভ, ডানো, টনি, কাজী হাবলু, আটন, মোরশেদ, গোলাম হায়দার, খালেদ ওমর আলী, আমিবার, জালাল, রহিম, আনান সঙ্গে আিম, আমরা সবাই মিলে যা করছি, তা লিখতে বললে ভাবতে ভালো লাগে। গাছের অ্যালবাম গাছ-এর কাণ্ড।
কোনো একটা জায়গা থেকে অ্যালবামের বাজারজাত-প্রক্রিয়া শুরু হয়। আমি সিদ্ধান্ত নিলাম ঢাকার বাইরে নতুনভাবে শুরু করার। কোলাহলমুক্ত নির্জনতায় প্রকৃতির পবিত্রতায় অনাবিল সৌন্দর্যের মেঘনা বঙ্গোপসাগরের মিলনভূমি নিঝুম দ্বীপেই হলো গাছ ব্যান্ডের অ্যালবাম গাছ-এর কাণ্ডর মোড়ক খোলা।
চারদিকে প্রচারের ডামাডোল, দেশি-বিদেশি অসংখ্য টেলিভিশন চ্যানেল, এফএম রেডিও, ইউটিউব, ফেসবুক, মোবাইল ফোন, রেডিও, ছোট একটা পেনড্রাইভে হাজার হাজার গান আর চারদিকে ইঁদুরদৌড় দেখতে দেখতে আমি ক্লান্ত এবং বিরক্ত। গান যার সে সব কিছু থেকে বঞ্চিতপ্রায়। বাউল তাঁর জীবনব্যবস্থার ভেতর থেকে অবৈষয়িক ভাবনার যে বিশাল রত্নভান্ডার রেখে গেছেন, তা-ই আজ নানাবিধ প্রক্রিয়ায় বাণিজ্যিক হয়ে উঠেছে।
ব্যান্ড-ভাগ্য আমার কখনোই ভালো না, তা আমি গাছ-এর কাণ্ডর কভারের বিস্তারিত লিখে দিয়েছি।
গানের প্রেমে গানই তার আপন যোগ্যতা দাঁড়ায়, আমি তা বিশ্বাস করি এবং সেটাই সত্য। তা না হলো শত শত বছরের পুরোনো গান কেন আজ পৃথিবীর বুকে টিকে রয়েছে।
অনেক কথাই বলা হলো। আবার অজস্র কথাও বলা হলো না। জীবন এই রকম। জীবন এই-ই।