সম্প্রতি জি-সিরিজ থেকে বাজারে এসেছে নতুন অ্যালবাম ‘গোপনে’। শিল্পী মিলন মাহমুদ। অ্যালবামের বেশির ভাগ গানের কথা ও সুর করেছেন তিনি নিজেই। কথা হলো তাঁর সঙ্গে।গোপনে অ্যালবামটি নিয়ে কিছু বলুন।পুরো অ্যালবামটি নিটোল প্রেমের গান নিয়ে। শুনলে মনে হবে, প্রেমের গান এমন হলেই তো ভালো হয়। সুর যেন সবাইকে স্পর্শ করতে পারে, সেদিকেও যথেষ্ট খেয়াল রেখেছি। বলতে পারেন, কথা ও সুর—দুই দিকেই গুরুত্ব দিয়েছি।এটি আপনার কততম অ্যালবাম?চতুর্থ। আমার প্রথম অ্যালবাম ধ্যান (২০০৫), দ্বিতীয় ভালোবাসার আহ্বান (২০০৬) এবং তৃতীয় চারিদিকে কোলাহল (২০০৭)। প্রেম নিয়ে তো অসংখ্য গান তৈরি হয়েছে। আমি চেষ্টা করেছি, নারী-পুরুষের চিরায়ত প্রেমের পাশাপাশি অন্য কিছুকে তুলে ধরতে। সেখানে ছিল প্রকৃতি, অনুভূতি, কষ্ট এবং টানাপোড়েন। তিনটি অ্যালবামের গানেই এই ধারাবাহিকতা ছিল। কিন্তু এবার তা থেকে সরে এসেছি। নতুনটিতে সব কটিই প্রেমের গান। ইচ্ছা ছিল, গানগুলো যেন যে কেউ শুরু থেকে শেষ পর্যন্ত শুনতে পারে। আর এখানে মেলোডিকে প্রাধান্য দিয়েছি।এই অ্যালবামের দুটি গান আগে এক মুঠোফোন সেবাদাতা প্রতিষ্ঠানের বিজ্ঞাপনচিত্রে ব্যবহার করা হয়েছে।ঠিকই বলেছেন। ওই দুটি হলো ‘স্বপ্ন যাবে বাড়ি’ এবং ‘লাল-সবুজের পতাকা’। সেখানে গান দুটির মাত্র কয়েক লাইন ব্যবহার করা হয়। কিন্তু গান দুটি এতই ভালো হয়েছে যে অনেক প্রশংসা পেয়েছি। ভাবলাম, ভালো দুটি গান শোনা থেকে শ্রোতারা কেন বঞ্চিত হবে। তাই ওই মুঠোফোন সেবাদাতা প্রতিষ্ঠানের সঙ্গে আলোচনা করলাম। তাদের অনুমতি নিয়েই এখানে গান দুটির সম্পূর্ণ অংশ রেখেছি। তবে ইদানীং অ্যালবামের অন্য গানগুলোরও কিন্তু প্রশংসা পাচ্ছি।আপনি তো প্লেব্যাকও করেছেন।আমার সব সময়ের ইচ্ছা ছিল, চলচ্চিত্রে হিন্দি গানের সুরের ওপর ভর করা কোনো গান করব না। শেষ পর্যন্ত হলোও তাই। এ পর্যন্ত তিনটি ছবিতে গান করেছি। সব কটিই মৌলিক গান। খিজির হায়াত খানের জাগো, এনামুল করিম নির্ঝরের নমুনা এবং সম্প্রতি গেয়েছি সোহেল আরমানের এই তো প্রেম ছবিতে। সর্বশেষ ছবির ‘যাক না উড়ে’ গানটি জনপ্রিয় হওয়ার সম্ভাবনা আছে।বিনোদন প্রতিবেদক