নিড অ্যা ফিল গুড মুভি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এ তিনটি সিনেমা আপনাকে এক পশলা বৃষ্টির স্বস্তি দেবে।ছবি: সংগৃহীত
এ তিনটি সিনেমা আপনাকে এক পশলা বৃষ্টির স্বস্তি দেবে।ছবি: সংগৃহীত

গায়ে তেল মেখে সিঁধেল চোরেরা সুড়ঙ্গ করে শুনেছি; কিন্তু পালানোর জন্য গায়ে হ্যান্ডওয়াশও মাখা যায়!

ডাউন সিনড্রোমে ভোগা জ্যাক শরীরে হ্যান্ডওয়াশ মেখে জানালার শিক গলে পালায়, স্বপ্ন পালোয়ান হবে। ও নিজেকে এতদিন খারাপ মানুষ ভাবত, কারণ পরিবার ওকে ফেলে যায়। মাছ শিকারি টাইলরের সঙ্গে পরিচয়ে জ্যাক নিজেকে নতুন করে চিনতে পারে। ওরা খোলা আকাশের নিচে ঘুমায়, জ্যাককে টাইলর সাঁতার শেখায়, তরমুজের খোসা দিয়ে হেলমেট বানিয়ে যুদ্ধ যুদ্ধ খেলে। ওদিকে জ্যাক যেই নার্সিং হোমে ছিল সেখানকার সেবিকা এলেনর জ্যাককে হন্যে হয়ে খুঁজতে থাকে। পেয়েও যায়। ভ্রাতৃহারা টাইলর, পরিবার ছাড়া জ্যাক আর বিধবা এলেনর- একই নৌকায় সওয়ার হয়। ভিন্ন প্রেক্ষাপটের তিনটি মানুষের এক আত্মার বন্ধনে আটকে যাবার গল্প 'দ্য পিনাট বাটার ফ্যালকন'।

আ বিউটিফুল ডে ইন দ্য নেইবারহুড সিনেমার দৃশ্যে ফ্রেড রজার্স ও সাংবাদিক লয়েড ভোগাল। ছবিঃ সংগৃহীত
আ বিউটিফুল ডে ইন দ্য নেইবারহুড সিনেমার দৃশ্যে ফ্রেড রজার্স ও সাংবাদিক লয়েড ভোগাল। ছবিঃ সংগৃহীত

নিজেকে পালোয়ান ফ্যালকন হিসেবে তৈরি করতে চাওয়া জ্যাক চরিত্রে অভিনয় করা জ্যাক গটসেগেন একজন ডাউন সিন্ড্রোমে ভোগা অভিনেতা। যিনি এবারের অস্কারের মঞ্চেও উঠেছিলেন। তাঁর অভিনীত এই সিনেমাটা চোখের শান্তি দেবে এবং একটু একটু করে ভালোলাগার অনুভূতিকে গভীর করবে।

ড্রামা, থ্রিলার, মার-মার, কাট-কাট সিনেমার পর উল্লিখিত সিনেমার মতো কিছু সিনেমা রয়েছে যা এক পশলা বৃষ্টির স্বস্তি দেয়। মাথা খাটানো সিনেমার পর মনে হয় 'নিড অ্যা ফিল গুড মুভি'। সাম্প্রতিক সময়ের তেমন তিনটি সিনেমাই আজ থাকবে।

দ্য পিনাট বাটার ফ্যালকন সিনেমায় টাইলর ও জ্যাকের খুনসুটি। ছবিঃ সংগৃহীত
দ্য পিনাট বাটার ফ্যালকন সিনেমায় টাইলর ও জ্যাকের খুনসুটি। ছবিঃ সংগৃহীত

এস্কোয়ার ম্যাগাজিনের অনুসন্ধানী সাংবাদিক লয়েড ভোগালকে একদিন সম্পাদক ডেকে বললেন, টেলভিশন ব্যক্তিত্ব ফ্রেড রজার্সের একটি সাক্ষাৎকার নিতে হবে। শব্দ সংখ্যা ৪০০। লয়েডের এই অ্যাসাইনমেন্ট পছন্দ হয়নি। নাক ফাটানোর দাগ নিয়ে লয়েড টিভি সেটে যায় রজার্সের সঙ্গে দেখা করতে। আন্তরিক রজার্স লয়েডের কাছে এটা ওটা শোনে, শৈশব নিয়ে জানতে চায়। ওই এক সেটেই সাক্ষাৎকার শেষ হয় না। আরও কয়েকবার তাঁরা দেখা করে। সাক্ষাৎকার যেন রজার্সের নয় লয়েডরই হচ্ছিল। হঠাৎ চেনা কোনো মানুষ জীবনে কখনো আশীর্বাদ হয়ে আসে, বিস্তর প্রভাব ফেলে। রজার্স ঠিক তেমনই একজন। একটা মায়ায় জড়িয়ে ফেলে লয়েডকে। যে বাবাকে লয়েড সহ্য করতে পারত না, সেই বাবার কাছে সে ছুটে যায়। লয়েডের লেখা শেষ হলে স্ত্রী ডরোথিকে সেটা পড়তে দেয়। ১০ হাজার শব্দ পড়া শেষে ডরোথি বলে, 'এটা তো রজার্সকে নিয়ে নয়, এটা তুমি।' টম হ্যাঙ্কস অভিনীত এই 'অ্যা বিউটিফুল ডে ইন দ্য নেইবারহুড' সিনেমাটি এক সময়ের মার্কিন টিভি ব্যক্তিত্ব ফ্রেড রজার্সের ওপর সাংবাদিক টম জুনেডের লেখা 'ক্যান ইউ সে ... হিরো?' বইয়ের ওপর নির্মিত।

`অ্যা বয় কলড সেইলবোট` সিনেমাটির রেশ থাকবে বহুদিন। ছবি: সংগৃহীত
`অ্যা বয় কলড সেইলবোট` সিনেমাটির রেশ থাকবে বহুদিন। ছবি: সংগৃহীত

কাঠের ঘরটিতে চলাফেরায় মা বেশ সতর্ক থাকে। নিঃশ্বাস ছাড়তে গেলেও বুঝি হুড়মুড় করে ভেঙে পড়বে। নিজের আকৃতি নিয়ে সে বাড়ির বার হয় না। ঘোড়ায় চড়ার স্বপ্নে বিভোর বাবাটা বেশ গম্ভীর। আর সেইলবোটের কাছে জীবনটা একটু বেশিই শান্ত। কেমন যেন স্বাদ-বিস্বাদ কোনোটাই নেই। কুড়িয়ে পাওয়া গিটার, চোখের পলক না পড়া বন্ধু পিটি আর পুরনো গাড়ি বিক্রেতা আর্নেস্ট সেইলবোটের সঙ্গী। শয্যাশায়ী অ্যাবুলাকে গান শোনাবে বলে গান বাঁধে সেইলবোট। সে এমন এক গান, দর্শক না শুনলেও অনুভব করতে পারবে। জীবনের মোড় ঘোরাতে বা সুখানুভূতি নিয়ে বেঁচে থাকতে গেলে কিছু টোটকার দরকার হয়। সেইলবোটের গিটার আর গান ওদের নড়বড়ে কাঠের ঘরটিতে সেই টোটকা হয়ে আসে। এক কাপড়ের পরিবারটি নতুন কাপড় গায়ে চাপায়। ওরা কোনো গুপ্তধন পায়নি, তবে জীবনের ভিন্ন স্বাদ পেয়েছিল। কিছু সিনেমার রেশ থাকে বহুদিন। 'অ্যা বয় কলড সেইলবোট' সিনেমাটি তেমনই।