নিন্দিত কারিনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কারিনা কাপুর খান
কারিনা কাপুর খান

শিরোনামটা গোলমেলে ঠেকছে! বলিউডের নন্দিত তারকা অভিনেত্রী কারিনা কাপুর খান আবার নিন্দিত হন কীভাবে! হ্যাঁ, সম্প্রতি এমনটাই ঘটেছে। তামিল সুপারস্টার সুরিয়াকে তাচ্ছিল্য করায় কারিনার প্রতি তীব্র নিন্দা জানিয়েছেন সুরিয়া ভক্তরা। কারিনা তাঁদের প্রিয় তারকাকে হেয় প্রতিপন্ন করায় ভীষণ ক্ষোভ প্রকাশ করেছেন তাঁরা। কখনোই কারিনাকে ক্ষমা করবেন না বলেও জানিয়েছেন সুরিয়া ভক্তরা।
বহু ব্যবসাসফল তামিল ছবি উপহার দিয়েছেন সেখানকার তুমুল জনপ্রিয় অভিনেতা সুরিয়া। এখন পর্যন্ত ২৯টি তামিল ছবির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন ৩৮ বছর বয়সী এ অভিনেতা। অভিনয়ের পাশাপাশি চলচ্চিত্র প্রযোজক এবং টিভি উপস্থাপক হিসেবেও সাফল্য পেয়েছেন তিনি।
চলতি বছরের ১৫ আগস্ট মুক্তি পাচ্ছে সুরিয়া অভিনীত তামিল ছবি ‘আনজান’। ছবিটির অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন বলিউডের প্রখ্যাত অভিনেতা মনোজ বাজপাই, মডেল ও অভিনেত্রী সামান্থা রুথ প্রভু, মডেল ও বলিউডের অভিনেতা বিদ্যুত্ জামাল প্রমুখ। গুঞ্জন উঠেছিল, ‘আনজান’ ছবির একটি আইটেম গানে নাচতে দেখা যাবে ‘হিরোইন’ তারকা কারিনাকে। সম্প্রতি এ বিষয়ে জানতে চাইলে প্রচণ্ড বিরক্তি প্রকাশ করেন কারিনা।

সুরিয়া
সুরিয়া

তিনি তামিল কোনো ছবির আইটেম গানে অংশ নিচ্ছেন না বলেই জানান। ঘটনার এখানেই শেষ নয়। ‘আনজান’ ছবির নায়ক সুরিয়াকে চেনেন না বলেও জানান কারিনা। তিনি প্রশ্ন করেন, ‘সুরিয়া কে?’ সম্প্রতি এক খবরে এমনটিই জানিয়েছে মিড-ডে ডটকম।
বিষয়টি জানাজানি হওয়ার পর কারিনাকে নিয়ে বিতর্কের ঝড় ওঠে। অন্যদিকে ভীষণভাবে মর্মাহত হন সুরিয়া ভক্তরা। তাঁদের অনেকেই মন্তব্য করেন, সুরিয়াকে তাঁরা অনেক বেশি ভক্তি করেন। তাঁদের প্রিয় অভিনেতাকে নিয়ে কোনো অবস্থাতেই কারিনা এমন তাচ্ছিল্যপূর্ণ মন্তব্য করতে পারেন না। অহেতুক তিনি সুরিয়াকে অপমান করেছেন।
নিজের ভুল বুঝতে পেরে পরে অবশ্য বিষয়টিকে হালকা করার চেষ্টা করেছেন কারিনা। তিনি বলেছেন, হিন্দি ছবিতে সুরিয়ার সঙ্গে জুটি বেঁধে অভিনয় করতে পারলে তাঁর অনেক ভালো লাগবে। কিন্তু তার পরও সুরিয়া ভক্তদের মন গলাতে পারেননি পতৌদির নবাব পরিবারের পুত্রবধূ ও বলিউডের অভিনেত্রী কারিনা কাপুর খান। তাঁকে সুরিয়ার সঙ্গে বড় পর্দায় দেখতে চান না বলেই সাফ জানিয়ে দিয়েছেন সুরিয়া ভক্তরা।