নিপীড়িত শিশুদের পাশে রাহুল বোস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বলিউড অভিনেতা রাহুল বোস নিপীড়িত মানুষের পাশে এসে দাঁড়িয়েছেন। আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের নিপীড়িত শিশুদের কল্যাণে তিনি সম্প্রতি এমন একটি উদ্যোগ নিয়েছেন। আর এ জন্য গত ছয় মাস ধরে তিনি ক্রিকেটার শচীন টেন্ডুলকারের ক্রিকেট ব্যাট, কপিল দেবের বল, সানিয়া মির্জার টেনিস ব্যাট থেকে শুরু করে ভারতের সাবেক ক্রিকেট অধিনায়ক মনসুর আলী খান ওরফে পতৌদির নবাব, সুনীল গাভাস্কর, টেনিস তারকা মহেশ ভূপতিসহ প্রায় ৩০ জন খ্যাতনামা খেলোয়াড়ের ব্যবহূত জিনিস সংগ্রহ করে আসছিলেন। এবার সেগুলো নিলামে উঠছে। মুম্বাইয়ে নরিম্যান পয়েন্ট এলাকার ওবেরয় হোটেলে নিলামটা শুরু হবে ২৯ অক্টোবর। এতে অংশ নিতে আমন্ত্রণ জানানো হচ্ছে বিশিষ্ট শিল্পপতি ও বলিউড তারকাসহ আরও অনেককে। নিলামে অর্জিত অর্থ ব্যয় করা হবে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের শিশুদের কল্যাণে ও কিছু নিপীড়িত শিশুর সাহায্যে। রাহুল নিজে একজন রাগবি খেলোয়াড় হওয়ায় গত ছয় মাস ধরে বিশ্ববিখ্যাত ভারতীয় ক্রীড়াবিদদের ব্যবহূত জিনিসপত্র তিনি সংগ্রহ করতে পেরেছেন। নিলাম ডাকবেন ক্রিকেট ধারাভাষ্যকার হর্ষা ভোগলে। প্রথম আলোর সঙ্গে আলাপকালে রাহুল বোস জানিয়েছেন, এর জন্য তিনিও কোনো ধরনের পারিশ্রমিক নিচ্ছেন না। তবে নিলাম ওবেরয় হোটেলে হলেও রাহুল সাধারণ মানুষের কথাও ভেবেছেন। তাদের কথা ভেবেই তিনি মুম্বাইয়ের একটি গ্যালারিতেও এর প্রদর্শনীর কথা ভাবছেন। যাতে সাধারণ মানুষ সেগুলো দেখতে পারে।