নিবিড় পরিচর্যা কেন্দ্রে আজম খান
পপগুরু আজম খানকে আজ বিকেলে রাজধানীর স্কয়ার হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) স্থানান্তর করা হয়েছে। এর আগে তিনি হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) ছিলেন। আজম খানের চিকিত্সক কামরুজ্জামান চৌধুরী প্রথম আলোকে এ কথা জানিয়েছেন। তিনি আরও বলেছেন, আজম খানের অবস্থা গতকালের চেয়ে আজ কিছুটা ভালো। তবে এ ধরনের রোগীদের অবস্থা সম্পর্কে আগাম কোনো কিছু বলা কঠিন বলে তিনি জানান।এদিকে আজম খানের মেয়ে ইমা খান বলেন, ‘বাবার অবস্থা গতকালের চেয়ে আজ কিছুটা ভালো মনে হয়েছে।’ আজম খান ইশারায় অক্সিজেন মাস্ক খুলে দেওয়ার কথা বলেছেন। তিনি পানি খেতেও চেয়েছেন বলে জানান ইমা। ইমা তাঁর বাবার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন।উল্লেখ্য, গত বৃহস্পতিবার দুপুরে আজম খানের হার্ট অ্যাটাক হয়। এরপর তাঁকে স্কয়ার হাসপাতালের সিসিইউয়ে রাখা হয়। শুক্রবার সকালের দিকে অবস্থার অবনতি হলে তাঁকে লাইফ সাপোর্ট দিয়ে রাখা হয়।এদিকে গতকাল সন্ধ্যায় আজম খানের মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়লে জরুরি এক সংবাদ ব্রিফিং তা নাকচ করে দিয়ে কামরুজ্জামান চৌধুরী বলেন, ‘মৃত্যুর খবর সত্যি নয়, তবে এটা সত্যি যে তাঁকে কৃত্রিম শ্বাসপ্রশ্বাস যন্ত্রের সাহায্যে বাঁচিয়ে রাখা হয়েছে।’এদিকে গতকাল আজম খানের মৃত্যুর সংবাদ পেয়ে তাঁরই ভাই আলম খান, ব্যান্ড-তারকা আইয়ুব বাচ্চু, মডেল অভিনেতা মুকিতসহ অনেক ভক্ত-গুণগ্রাহী ও সংবাদকর্মী দ্রুত হাসপাতালে ছুটে আসেন। আজম খানকে দেখার পর আইয়ুব বাচ্চু প্রথম আলোকে বলেন, ‘আমি নিজেও টিভির স্ক্রলে খবর দেখে ছুটে এসেছি। এখন আজম ভাইকে দেখে এলাম। সেখানে কর্তব্যরত চিকিত্সক মনজুর সাহেবের সঙ্গেও কথা হয়েছে। উনি এখনো আমাদের মনে আশার আলো জ্বালিয়ে রেখেছেন। আমার বিশ্বাস উনি আমাকে না বলে এভাবে চলে যাবেন না। দু-চার দিনের মধ্যে গুরু ঠিকই চোখ মেলবেন। আসুন আমরা তাঁর সুস্থতার জন্য দোয়া করি।’আইয়ুব বাচ্চু ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘গণমাধ্যমগুলো জাতিকে এভাবে বিভ্রান্ত না করলেও পারত। যেখানে স্বয়ং বিশেষজ্ঞ ডাক্তাররাই খবরটা শুনে অবাক হয়েছেন, সেখানে অনেকগুলো গণমাধ্যম মৃত্যুর সংবাদটি প্রকাশ করে দিল। এটা খুবই দুঃখজনক।’এদিকে হাসপাতালে আজম খানের পাশে সার্বক্ষণিকভাবে রয়েছেন তাঁর মেয়ে ইমা খান ও ছেলে হূদয় খান।উল্লেখ্য, ২২ মে আজম খান তাঁর বাঁ-হাতে প্রচণ্ড ব্যথা অনুভব করেন। ওই দিনই তাঁকে দ্রুত রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি করানো হয়। এর আগে গত বছর জুলাই এর প্রথম সপ্তাহে আজম খানের মুখগহ্বরে ও জিহ্বার নিচে ক্যানসার ধরা পড়ে। এরপর ১৪ জুলাই উন্নত চিকিত্সার জন্য শিল্পীদের সম্মিলিত উদ্যোগে পাঠানো হয় সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে। তারপর ২০ জুলাই মাউন্ট এলিজাবেথ মেডিকেল সেন্টারের ইএনটি হেড-নেক সার্জন বিভাগের প্রধান অ্যান্ড্রু লয় হেং চেংয়ের তত্ত্বাবধানে আজম খানের মুখে সফল অস্ত্রোপচার করা হয়।সর্বশেষ ২৭ ডিসেম্বর ২০১০-এ ২১টি টমোথেরাপি (রেডিওথেরাপি) ও একটি কেমোথেরাপি নেওয়ার পর কয়েকটি থেরাপি বাকি রেখেই দেশে ফিরে আসেন তিনি।