নিবিড় পরিচর্যা কেন্দ্রে শহীদুল ইসলাম খোকন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শহীদুল ইসলাম খোকন
শহীদুল ইসলাম খোকন

‘আমি মাত্র আইসিইউ (নিবিড় পরিচর্যা কেন্দ্র) থেকে বের হলাম। খোকনকে যা দেখলাম, তা বর্ণনা করা মোটেও সম্ভব না। সবাইকে শুধু এটুকু বলতে চাই, ওর (খোকনের) খুব কষ্ট হচ্ছে। এক কথায় বলা যায়, জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে আছে সে।’ আজ শুক্রবার সন্ধ্যা সাতটায় প্রথম আলোর কাছে এভাবেই ভাই শহীদুল ইসলাম খোকনের সর্বশেষ শারীরিক অবস্থার বর্ণনা করলেন বোন রুমা আজাদ।
বাংলাদেশি চলচ্চিত্রের গুণী নির্মাতা শহীদুল ইসলাম খোকন এখন ঢাকার উত্তরা আধুনিক হাসপাতালের (পুরোনো বাংলাদেশ মেডিকেল) নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন আছেন। তাঁকে কৃত্রিম উপায়ে শ্বাস-প্রশ্বাস দিয়ে বাঁচিয়ে রাখা হয়েছে।
মুখগহ্বরে মটর নিউরো ডিজিসে (এএলএস) আক্রান্ত হয়ে দীর্ঘদিন ধরে অসুস্থ শহীদুল ইসলাম খোকন। গতকাল বৃহস্পতিবার সকালে তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে দ্রুত হাসপাতালে নেওয়া হয়।
খোকনের স্ত্রী জয় ইসলাম জানান, ‘কৃত্রিম উপায়ে তাঁকে বাঁচিয়ে রাখা হয়েছে। হার্ট অ্যাটাক ও নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে খোকনের অবস্থা এখন আরও গুরুতর। রক্তচাপ অস্বাভাবিকভাবে কমে গেছে। এই অবস্থায় বেঁচে থাকাটা তাঁর জন্য বেশ যন্ত্রণার। আমি এখন আল্লাহর কাছে শুধুই দোয়া করছি, সে যেন আর কষ্ট না পায়।’

জয় এও জানান, ‘খোকনের শরীর এখন কঙ্কালসার। তাঁকে দেখে চেনার উপায় নেই। দীর্ঘদিন ধরে তিনি মুখ দিয়ে পানিও খেতে পারছেন না। মস্তিষ্ক কাজ করলেও তাঁর পক্ষে নড়াচড়া করা সম্ভব হচ্ছে না।’
এদিকে দু’ একদিনের মধ্যে খোকনকে রাজধানীর বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হতে পারে বলে জানিয়েছে তার পরিবার। জয় জানান, আইসিইউয়ের বাড়তি সুবিধা পেতে ও চিকিৎসার খরচের কথা ভেবে তাঁরা এমন সিদ্ধান্ত নিচ্ছেন। এ ব্যাপারে তাঁদের সহযোগিতা করছেন খোকনের কয়েকজন শুভাকাঙ্ক্ষী।
এদিকে গুণী এই নির্মাতাকে দেখতে হাসপাতালে ছুটে গেছেন চলচ্চিত্রের সঙ্গে সংশ্লিষ্ট কয়েকজন। এর মধ্যে মৌসুমী, ওমর সানি, মুশফিকুর রহমান গুলজার, সোহানুর রহমান সোহান অন্যতম। এ ছাড়া মুঠোফোনে সার্বক্ষণিক যোগাযোগ রেখেছেন চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর। জয় জানান, অর্থের অভাবে খোকনের চিকিৎসা বন্ধ হবে না, তাঁদের এমন আশ্বাস দিয়ে রেখেছেন তিনি।’
এর আগে খোকনের অসুস্থতায় এগিয়ে আসে সরকারও। ২০১৪ সালের সেপ্টেম্বরে তাঁকে উন্নত চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্রে নিয়ে যাওয়া হয়। সেখানকার বেলভিউ হাসপাতালের চিকিৎসকেরা এই রোগের চিকিৎসা নেই বলে তাঁকে দেশে পাঠিয়ে দেন।
অক্টোবরের শেষ দিকে দেশে ফেরার পর ঢাকার স্কয়ার হাসপাতালে চিকিৎসক আরেফিনের তত্ত্বাবধানে শহীদুল ইসলাম খোকনের পাকস্থলীতে অস্ত্রোপচারের মাধ্যমে টিউব স্থাপন করা হয়।