নিবিড় পর্যবেক্ষণ কক্ষে ফারুক
রাজধানীর অ্যাপোলো হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কক্ষে (আইসিইউ) চিকিৎসাধীন অভিনেতা ফারুক। গত ৭ মে শ্বাসকষ্ট হওয়ায় তাঁকে এই হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) ভর্তি করা হয়। এরপর তিনি ছিলেন কেবিনে। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় গত বৃহস্পতিবার তাঁকে হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কক্ষে স্থানান্তর করা হয়। গতকাল শনিবার সকালে ফারুকের স্ত্রী ফারজানা পাঠান বলেন, ‘গত সপ্তাহে হঠাৎ করেই ফারুকের শারীরিক অবস্থার কিছুটা অবনতি হয়। বৃহস্পতিবার তাঁর ফুসফুসে পানি জমার সমস্যা ধরা পড়ে।’তিনি আরও জানান, মে মাসের মাঝামাঝি ফারুককে সিসিইউ থেকে সাধারণ কেবিনে স্থানান্তর করা হয়। শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় আগামী কয়েক দিনের মধ্যে তাঁকে বাসায় নিয়ে যাওয়ার কথা ছিল। অ্যাপোলো হাসপাতালে চিকিৎসক কৃষ্ণা মোহন সাহু এবং শামস মনোয়ারের তত্ত্বাবধানে ফারুক চিকিৎসাধীন আছেন। তাঁর দ্রুত আরোগ্য কামনা করে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন ফারজানা পাঠান।