নিবিড় পর্যবেক্ষণকেন্দ্রে বিপুল ভট্টাচার্য
স্বাধীন বাংলা বেতারকেন্দ্রের শিল্পী বিপুল ভট্টাচার্য দুদিন ধরে ডেল্টা হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণকেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন। ফুসফুসের ক্যানসারে আক্রান্ত এই শিল্পীর পারিবারিক সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার সকালে হঠাৎ তিনি সংজ্ঞাহীন হয়ে পড়লে তাঁকে দ্রুত ডেল্টা হাসপাতালে নিয়ে আসা হয়।বিপুলের পরিবারের সদস্যরা জানান, নিজের চিকিৎসা নিয়ে তিনি কিছুটা মানসিক চাপে ভুগছিলেন। এটাও আবার অসুস্থ হয়ে পড়ার কারণ হতে পারে বলে তাঁর পরিবারের ধারণা।গতকাল ডেল্টা হাসপাতালে ফোন করলে নিবিড় পর্যবেক্ষণকেন্দ্রের কর্তব্যরত চিকিৎসক আসলাম জানান, বিপুল ভট্টাচার্যের শরীরে লবণের স্বল্পতা দেখা দেওয়ায় তিনি সংজ্ঞাহীন হয়ে পড়েন। তবে আজ (বুধবার) তাঁর সংজ্ঞা ফিরেছে। স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে আরও দুদিন লাগবে।পরিবারের লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, তাঁর চিকিৎসার জন্য এখনো সরকার এবং শিল্পীমহল থেকে বড় কোনো উদ্যোগ নেওয়া হয়নি।