নিভৃতেই আশি পেরোলেন আনোয়ার হোসেন
নিতান্তই পারিবারিকভাবে খুব কাছের আত্মীয়-স্বজনদের নিয়ে নিভৃতেই পালিত হলো বাংলা চলচ্চিত্রের এক সময়ের শক্তিমান অভিনয়শিল্পী আনোয়ার হোসেনের ৮১তম জন্মদিন।বাংলা চলচ্চিত্রের এই অভিনেতার জন্মদিনে তাঁর পাশে ছিলেন না চলচ্চিত্র সংশ্লিষ্ট কেউই। তবে চলচ্চিত্রশিল্পের কয়েকজন শুভাকাঙ্ক্ষী ফোনে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন উল্লেখ করে আনোয়ার হোসেনের স্ত্রী নাসিমা আনোয়ার প্রথম আলো ডটকমকে বলেন, ‘কে এলো বা গেলো তা নিয়ে আমরা ভাবি না। এ নিয়ে আমাদের মধ্যে কোনো দুঃখবোধ নেই। মাঝে মধ্যে আনোয়ারের দু-একজন শুভাকাঙ্ক্ষী ফোনে খোঁজ-খবর জানতে চান। তখন খুব ভালো লাগে।’ নাসিমা আনোয়ার এও বলেন, ‘আনোয়ার তো এখন সেভাবে কথা বলতে পারে না। তবে সবকিছুই পর্যবেক্ষণ করে। এবারের জন্মদিন পালনের বিষয়টি যখন তাঁকে জানালাম তখন বেশ খুশি হয়েছিল। কথাটি শোনার পর তাঁর মুখে হাসি ফুটেছিল। তারপর পরিবারের সবাই মিলে জন্মদিনের অনুষ্ঠানের আয়োজনটা করি।’ জানা গেছে, গতকাল বিকেলে স্ত্রী, পুত্রবধূ, কন্যা, কন্যার জামাতাসহ বেশ কয়েকজন আত্মীয় স্বজনের উপস্থিতিতে আনোয়ার হোসেন তাঁর জন্মদিনের কেক কাটেন। আনোয়ার হোসেনের চার ছেলে ও এক মেয়ে। চার ছেলের মধ্যে বড় ছেলে থাকেন সুইডেনে। অন্য তিন ছেলে উপল, ইরান ও ফিরোজ থাকেন যুক্তরাষ্ট্রে।আনোয়ার হোসেনের জন্ম জামালপুর জেলার সরুলিয়া গ্রামে। অসুস্থ হওয়ার আগ পর্যন্ত আনোয়ার হোসেন পাঁচ শতাধিক ছবিতে অভিনয় করেছেন। লাঠিয়াল ছবিতে অভিনয়ের জন্য তিনি প্রথম জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন। পরে অবশ্য আরও দুবার তিনি এ সম্মানে ভূষিত হয়েছেন। গত বছর জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান আসর থেকে আজীবন সম্মাননা পেয়েছেন গুণী এ শিল্পী। বাংলা চলচ্চিত্রে অবদানের জন্য ১৯৮৫ সালে দেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননা একুশে পদকও পান তিনি।