নিভে গেল প্রাণের প্রাণপ্রদীপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রাণ
প্রাণ

এক মাস মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন বলিউডের প্রখ্যাত অভিনেতা প্রাণ। শরীরের একাধিক অঙ্গপ্রত্যঙ্গ বিকল হয়ে যাওয়ায় ১২ জুলাই শুক্রবার রাত সাড়ে আটটায় মৃত্যুর কোলে ঢলে পড়েন গুণী এ অভিনয়শিল্পী। তাঁর বয়স হয়েছিল ৯৩ বছর।
মৃত্যুকালে স্ত্রী শুক্লা, মেয়ে পিংকি, দুই ছেলে অরবিন্দ ও সুনীলকে রেখে গেছেন বর্ষীয়ান এ চলচ্চিত্র অভিনেতা। প্রাণের মৃত্যুর খবর নিশ্চিত করে তাঁর মেয়ে পিংকি বলেন, ‘দীর্ঘদিন বার্ধক্যজনিত নানা  রোগে ভুগে শেষ পর্যন্ত মৃত্যুকে আলিঙ্গন করেছেন বাবা। অনেক দিন ধরে তিনি অসুস্থ ছিলেন। ক্রমে তাঁর শারীরিক অবস্থার অবনতি ঘটছিল। গত কয়েক দিন তিনি শারীরিকভাবে খুবই দুর্বল ছিলেন।’
আজ দুপুরে মুম্বাইয়ের শিবাজি পার্ক ক্রিমেটোরিয়ামে অভিনেতা প্রাণের শেষকৃত্য অনুষ্ঠিত হবে। এক খবরে এ তথ্য জানিয়েছে প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়া।
পুরোনো দিল্লির ধনাঢ্য এক পাঞ্জাবি পরিবারে ১৯২০ সালে জন্মগ্রহণ করেছিলেন প্রাণ কৃষাণ সিকান্দ। তাঁর বাবা ছিলেন সরকারি প্রকৌশলী। ১৯৪৫ সালে প্রাণ প্রথম অভিনয় করেছিলেন পাঞ্জাবি ‘ইয়ামলা জাত’ ছবিতে। ছয় দশকের অভিনয়জীবনে তিনি সাড়ে তিন শর বেশি ছবিতে অভিনয় করেন।
 

প্রাণ অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্রের মধ্যে রয়েছে ‘জঞ্জির’, ‘উপকার’, ‘মধুমতি’, ‘জিদ্দি’, ‘মিলন’, ‘হাফ টিকিট’, ‘দেবদাস’, ‘ব্রহ্মচারী’, ‘জনি মেরা নাম’, ‘পূরব অউর পশ্চিম’ ইত্যাদি। হিন্দি চলচ্চিত্রে অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে ২০০১ সালে ‘পদ্মভূষণ’ খেতাব পেয়েছেন প্রাণ।

এ ছাড়া কলারত্ন, ফিল্মফেয়ারসহ অসংখ্য পুরস্কার ঝুলিতে ভরেছেন গুণী এ অভিনয়শিল্পী। গত ১০ মে হিন্দি চলচ্চিত্রাঙ্গনের অন্যতম মর্যাদাপূর্ণ দাদাসাহেব ফালকে পুরস্কার গ্রহণ করেন প্রাণ। শারীরিকভাবে অসুস্থ থাকায় তাঁর বাড়িতে গিয়ে পুরস্কারটি প্রাণের হাতে তুলে দিয়েছিলেন ভারতের তথ্যমন্ত্রী মনিষ তিওয়ারি।