নিম্নবর্গ নিয়ে আলোচনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিম্নবর্গের ইতিহাস বিষয়ে একক বক্তৃতা হলো গতকাল শনিবার বাংলা একাডেমীর কবি শামসুর রাহমান সেমিনার কক্ষে । একাডেমীর উদ্যোগে আয়োজিত এই একক বক্তৃতানুষ্ঠানে ‘নিম্নবর্গের ইতিহাস: পুনর্বিচারের রূপরেখা’ শীর্ষক বক্তৃতা দেন প্রখ্যাত ইতিহাসবিদ, গৌতম ভদ্র। অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা দেন একাডেমীর মহাপরিচালক শামসুজ্জামান খান। সভাপতিত্ব করেন একাডেমীর সভাপতি অধ্যাপক আনিসুজ্জামান। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী, ভাষা-সংগ্রামী আহমদ রফিক, কবি বেলাল চৌধুরী, অধ্যাপক অজয় রায়, অধ্যাপক মুনতাসীর মামুন, শরীফউদ্দিন আহমেদ, শফি আহমেদ, এম এম আকাশ, সোনিয়া নিশাত আমিন, মোফাখখারুল ইসলাম, গোলাম মুস্তাফা, পারভীন হাসান, রাজনীতিক মোনায়েম সরকার, কথাশিল্পী সেলিনা হোসেন, সাংবাদিক আবুল মোমেন, রাষ্ট্রদূত মসয়ূদ মান্নান, লেখক সুব্রত বড়ুয়া, সংস্কৃতিসচিব রণজিৎ কুমার বিশ্বাস, শিক্ষাসচিব কামাল চৌধুরী প্রমুখ। স্বাগত বক্তৃতায় শামসুজ্জামান খান বলেন, ‘গৌতম ভদ্র উনিশ শতকের জনসংস্কৃতি বিষয়ে গুরুত্বপূর্ণ গবেষণা করেছেন। তাঁর চিন্তার ক্ষেত্র পুঁথি সংগ্রহের রাজনীতি থেকে জাল রাজার ইতিহাসের পরিসর পর্যন্ত বিস্তৃত। তাঁর কাছ থেকে আমরা নিম্নবর্গের ইতিহাসের তাত্ত্বিক ভিত্তি ও পদ্ধতি নিয়ে নতুন করে ভাবনার উপাদান পাব।’ গৌতম ভদ্র তাঁর বক্তৃতায় বলেন, ‘নিম্নবর্গের ইতিহাস কোনো পৃথক জ্ঞানকাণ্ড নয়। নিম্নবর্গ একটি সম্পর্কের নাম। ক্ষমতা বিন্যাসের নানা ধরন উচ্চ এবং নিম্ন উভয় বর্গকে নির্ধারণ করে। অবস্থান ভেদে বর্গের ধরনও পাল্টায়। নিম্নবর্গের ইতিহাসচর্চায় সাহিত্য, দর্শন, ন্যায়শাস্ত্র, ধর্ম, বর্ণ ইত্যাদিও সমান গুরুত্বপূর্ণ। কারণ আমরা দেখি সতীনাথ ভাদুড়ীর ঢোঁড়াই চরিতমানস উপন্যাসে তাত্ত্বিক ব্যাখ্যার চেয়ে গভীরতাসম্পন্ন নিম্নবর্গীয় উপাদান বিদ্যমান। তিনি বলেন, আবদুল করিম, মমতাজুর রহমান তরফদার, আহমদ শরীফ, আনিসুজ্জামান প্রমুখের অবদান সত্ত্বেও বাঙালির মধ্যযুগের ইতিহাস এখনো নির্মাণ সম্ভব হয়নি। তবে আরজ আলী মাতুব্বর-মনিরুজ্জামান ইসলামাবাদীর মতো প্রান্তীয় দার্শনিকেরা যেভাবে যুক্তিবাদের আলোকে সমাজ-ধর্ম-ইতিহাসকে ব্যাখ্যা করার চেষ্টা করেছেন, তা এ অঞ্চলের নিম্নবর্গের মানুষের উদার দৃষ্টিভঙ্গিরই প্রমাণবহ। সভাপতির বক্তব্যে আনিসুজ্জামান বলেন, ‘নিম্নবর্গের ইতিহাস আমাদের সামগ্রিক ইতিহাসচর্চার ধারায় গুরুত্বপূর্ণ সংযোজন, কারণ নিম্নবর্গের ইতিহাসকাররা সমাজবিজ্ঞান-দর্শন-ভাষাবিজ্ঞান প্রভৃতি নানান জ্ঞানবিদ্যার সামগ্রিক দৃষ্টিতে ইতিহাস ও মানব সম্পর্ককে ব্যাখ্যা করার চেষ্টা করেন।’ একক বক্তৃতা শেষে অধ্যাপক গৌতম ভদ্র উপস্থিত শ্রোতাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। তিনি আজ রোববার বেলা সাড়ে ১১টায় একাডেমীর নতুন ভবনের চারতলার সভাকক্ষে ‘ইতিহাস ও আর্কাইভ’ বিষয়ে আলোচনা করবেন।