

২৩তম জন্মদিনে তখন বাকি ছিল মাত্র তিন দিন। কিন্তু সবকিছু ভুলে আকাশে উড়াল দিতে ঘর ছাড়েন নিরজা ভানোত। কিন্তু সেই উড়াল তাঁকে নিয়ে যায় অন্য এক পৃথিবীতে। যেখানে সব ভয়কে জয় করে নিরজা অমর হয়ে থাকেন ভারতের ইতিহাসে। বীরের খেতাব পেয়ে নিরজা ভানোত অনেকের অনুপ্রেরণার মাঝে বেঁচে আছেন। ভারতের সেই বীর নিরজা ভানোতকে নিয়ে তৈরি ছবিটি মুক্তি পাচ্ছে কাল ১৯ ফেব্রুয়ারি। এরই মধ্যে সাহসী এ চরিত্রে অভিনয়ের জন্য সোনম কাপুরের ঝুলি ভরে গেছে প্রশংসায়। তাঁর জন্য বলিউড তারকারাও এক হয়েছেন। নিরজা যেমন ভয়কে জয় করে গড়েছেন ইতিহাস, তেমনই বলিউডের বড় বড় তারকা সোনম কাপুরের অনুরোধে নিজেদের ভয়ের কথা প্রকাশ্যে বলেছেন। সেই ভয়ের কথা নিয়েই এবারের আয়োজন।
শুরুতেই নিরজা চরিত্রে অভিনয় করা সোনমের ভয়ের ব্যাপারে জানা যাক। সোনম তাঁর অনেক বক্তব্যের জন্যই হয়েছেন সমালোচিত ও বিতর্কিত। বিশেষ পরিস্থিতিতে চুপ করে থাকতে না পারার ভয় প্রায়ই ভাবিয়ে তোলে সোনমকে। প্রেম কিংবা প্রেমিকের সঙ্গে অন্তরঙ্গ ছবি ফাঁস হলেও এতটা ভয় পান না সোনম, যতটা ভয় পেয়েছেন তাঁর কোনো মন্তব্য নিয়ে বিতর্কের জন্য। তাই সোনম নিজের সেই ভয়কে বারবার উতরে যাওয়ার চেষ্টা করেন। কিছুদিন আগে নিজের এই ভয়ের কথা জানিয়ে সোনম কাপুর সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ‘ট্রেন্ড’ শুরু করেন। তিনি তাঁর বন্ধুমহলে আর ভক্তদের অনুরোধ করেন নিজেদের ভয়ের কথা তাঁকে জানাতে। সঙ্গে হ্যাশট্যাগ দিয়ে ‘fearvsneerja’ লিখে দিতে।
সোনমের এই ডাকে সাড়া দেয় বলিউড। সবার আগে সোনমকে নজের ভয়ের কথা জানান করন জোহর। করনের জীবনের সবচেয়ে ভীতিকর মুহূর্ত হচ্ছে যখন কেউ ডান দিক থেকে তাঁর ছবি তোলে। করন তাঁর ‘রাইট প্রোফাইল’-এ তোলা ছবি দেখলে নাকি ঘাবড়ে যান। তাই দুঃস্বপ্নে ডান দিক থেকে তোলা নিজের কোনো ছবি দেখতে চান না পরিচালক করন জোহর।
অভিনেত্রী পরিণীতি চোপড়া ছবির শুটিং কিংবা বিভিন্ন পণ্যের প্রচারের জন্য আজ এই দেশ তো কাল ওই দেশে ঘুরে বেড়ান। তিনি নাকি ভয় পান উড়োজাহাজের অবতরণের মুহূর্তকে। উড়োজাহাজ যখন ‘ল্যান্ড’ করে তখন নাকি পরিণীতি তাঁর পাশে যিনিই থাকুক না কেন, তাঁকে শক্ত করে ধরে বসে থাকেন। পরিণীতি আরও বলেন, ‘আমার ভয়টা কিন্তু সত্যিকারের ভয়।’

নির্ভীক নিরজার আত্মত্যাগকে শ্রদ্ধা জানাতে শুধু ভয়ের কথা দিয়েই নয়, আরও অনেকভাবেই নিরজা ছবির সঙ্গে যুক্ত হয়েছেন বলিউডের তারকারা। দুঃসাহসিক এ ছবি তৈরির সময় আমির খান, নির্মাতা রাজকুমার হিরানী, বিদ্যা বালানের মতো তারকারা সেটে গিয়ে সাহস জুগিয়েছেন নিরজা ছবির শিল্পী ও কলাকুশলীদের।
এবার আবার ভয়ে ফেরা যাক। নতুন ছবি নিরজার জন্য পুরো বলিউড যখন সোনমের ডাকে সরব, তখন বাবা অনিল কাপুর পিছিয়ে থাকতে পারেন? ভিডিও বার্তায় তিনি বলেছেন তাঁর ভয়ের কথা। অনিল কাপুর নাকি খাবার টেবিলে বেসামাল হয়ে যাওয়ার ভয়ে থাকেন প্রতি বেলায়। তাই অনিল চেষ্টা করেন স্ত্রীর পাশে বসে প্রতি বেলার খাবার খেতে। কারণ টেবিলে বসলে নাকি তাঁর স্ত্রী তীক্ষ্ণ দৃষ্টিতে পর্যবেক্ষণ করেন, অনিল খুব বেশি খেয়ে ফেলছেন না তো।
বলিউড ছাড়িয়ে হলিউডে সফল প্রিয়াঙ্কা চোপড়াও কিন্তু ভয় পান। হ্যাঁ, এত সফল এই অভিনেত্রীর মনে অদ্ভুত এক ভয় বাস করে। এর নাম হলো ‘নো-মো ফোবিয়া’। এই ভয়ের মানে হলো, মোবাইল ফোনের বিলুপ্তির ভয়। প্রিয়াঙ্কা ভয় পান যদি কোনো দিন এমন হয়, পৃথিবী থেকে উধাও হয়ে যায় সব মোবাইল ফোন, তাহলে কী হবে!
খুব যৌক্তিক একটা ভয় পীড়া দেয় অভিনেতা অনুপম খেরকে। তাঁর ধারণা, একদিন নিজের সব স্মৃতি হারাবেন তিনি। সে দিনটির কথা ভেবে ভয় তাঁকে পেয়ে বসেছে। তাই সোনমের অনুরোধে সাড়া দিতে গিয়ে নিজের এই ভয়ের কথাই বলেছেন।
এমন আরও অনেকেই বলেছেন নিজের ভয়ের কথা। যেমন এমরান হাশমী মাকড়সা ভয় পান, আলিয়া ভাট জীবনের গুরুত্বপূর্ণ মুহূর্তকে হাতছাড়া করার ভয় পান, দিয়া মির্জার ভয় একদিন নাকি পৃথিবীটা প্লাস্টিকের হয়ে যাবে, সানি লিওন ভয় পান ব্যর্থতাকে আর নীল নিতেন মুকেশের ভয় একাকিত্বের।
আদর রহমান: আইএএনএস, টাইমস অব ইন্ডিয়া, হিন্দুস্তান টাইমস, পিঙ্কভিলা ও বলিউড লাইফ অবলম্বনে