নিরব ও কেয়া জুটির দ্বিতীয় ছবি
বছর দুয়েক আগে নিরব আর কেয়া একসঙ্গে অভিনয় করেছিলেন মনে বড় কষ্ট ছবিতে। ওই ছবিতে আরও অভিনয় করেছিলেন শাকিব খান ও সাহারা। এবার মুক্তি পাচ্ছে নিরব-কেয়ার দ্বিতীয় ছবি শত্রু তুমি বন্ধু তুমি। গত সপ্তাহে ছবিটি চলচ্চিত্র সেন্সর বোর্ডের ছাড়পত্র পেয়েছে। এখন চলছে প্রেক্ষাগৃহে মুক্তি দেওয়ার প্রস্তুতি। এ ছবিতে আরও অভিনয় করেছেন মারুফ ও সাহারা। নিরব বললেন, ‘আমাদের মনে বড় কষ্ট ছবিটি ব্যবসায়িক সাফল্য পেয়েছিল। আশা করছি, শত্রু তুমি বন্ধু তুমি দেখতেও দর্শক প্রেক্ষাগৃহে আসবেন।’শত্রু তুমি বন্ধু তুমি পরিচালনা করেছেন রয়েল বাবু। অ্যাকশননির্ভর এ ছবিতে অমিত হাসান খলনায়কের চরিত্রে অভিনয় করেছেন।নিরব জানান, কেয়ার সঙ্গে তাঁর তৃতীয় ছবির কাজ এখন প্রায় শেষ পর্যায়ে। নাম ওয়ান ফোর থ্রি। ছবিটি পরিচালনা করছেন পল্লী মালেক। ছবির গানের দৃশ্যায়নের কিছু কাজ করার জন্য এ মাসেই নেপালে যাওয়ার পরিকল্পনা আছে তাঁদের।