নিরবের অন্য রকম অভিজ্ঞতা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিল্পীদের গাওয়া গানের সঙ্গে এত দিন শুধু ঠোঁট মিলিয়ে গেছেন চিত্রনায়ক নিরব। এবার নতুন এক অভিজ্ঞতা হলো তাঁর। ‘মনের মঞ্জিল’ শিরোনামে ‘গেম রিটার্নস’ ছবির একটি গানের শুরুর অংশে কবিতার ঢংয়ে সংলাপ দিতে হলো তাঁকে। সোমবার রাতে মোহাম্মদপুরের একটি স্টুডিওতে সংলাপ দেওয়ার কাজটি করেন নিরব।
‘মনের মঞ্জিল’ শিরোনামের গানটির কথা লিখেছেন জনি হক। আর এতে কণ্ঠ দিয়েছেন দিনাত জাহান ও আরফিন রুমি।
নিরব বললেন, ‘অভিনয় করতে গিয়ে সংলাপ বলি। এটাও অনেকটা অভিনয়ের মতোই। গানের মধ্যে একটা ভিন্নতা আনতে এমনটা করা হয়েছে। আমার নিজেরও অন্য রকম ভালো লাগা কাজ করেছে। কোরাস লাইন দুটি খুব পছন্দ হওয়ায় আবৃত্তির ঢংয়ে কাজটা করলাম। কাওয়ালি ধাঁচের এই গানটি শ্রোতাদের ভালো লাগবে।’
রয়েল খান পরিচালিত ‘গেম রিটার্নস’ ছবিতে নিরবের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেছেন তমা মির্জা ও লাবণ্য লি।