নিরবের নতুন নায়িকা হেলেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নিরব  ও হেলেন
নিরব ও হেলেন

শুরুতে নিরব ছিলেন শুধুই মডেল। এরপর কাজ শুরু করেন টিভি নাটক ও চলচ্চিত্রে। এখন চলচ্চিত্রে অভিনয়ের পাশাপাশি টিভি নাটকেও কাজ করছেন। চলচ্চিত্রে জ্যেষ্ঠ অনেক অভিনয়শিল্পীর পাশাপাশি বেশ কজন নবাগত শিল্পীর সঙ্গে অভিনয় করেছেন নিরব। সেই ধারাবাহিকতায় এবার আরও এক নতুন নায়িকার সঙ্গে অভিনয় করতে যাচ্ছেন তিনি। ছবির নাম দেশ আমাদের। ছবিতে নিরবের জুটি হচ্ছেন পি জে হেলেন।
দেশ আমাদের ছবির জন্য এরই মধ্যে মৌখিকভাবে চুক্তিবদ্ধ হয়েছেন নিরব ও হেলেন। ২০১২ সালে মিউজিক ভিডিওতে কাজ শুরু করেন হেলেন। এরপর বিজ্ঞাপনচিত্র ও টিভি নাটকে কাজ করেন তিনি। স্বপ্ন ছিল চলচ্চিত্রে অভিনয়ের। সেই স্বপ্ন পূরণে নাকি হেলেনকে প্রাথমিক সহযোগিতা করেছেন নিরব। হেলেন বলেন, ‘নাটকে অভিনয়ের কারণেই নিরব ভাইয়ের সঙ্গে পরিচয়। এরপর একদিন ফেসবুকে কথায় কথায় তাঁকে আমার ইচ্ছার কথা জানাই। তিনিও বিষয়টি খুব ইতিবাচকভাবে নেন। এর কিছুদিনের মধ্যে ছবিতে অভিনয়ের প্রস্তাব পাই।’
এদিকে নিরব বলেন, ‘আমার কাছে হেলেনকে সম্ভাবনাময় মনে হয়েছে। মন দিয়ে কাজ করলে চলচ্চিত্রে তার ভালো করার সম্ভাবনা অনেক।’
দেশ আমাদের ছবির পরিচালক আলী আজাদ। তাঁর ভাষায়, ‘আমার ছবির গল্পের প্রয়োজনে হেলেনের মতো একজন নতুন মুখের দরকার ছিল। তাঁকে পেয়ে কাজটা সহজ হয়ে গেল।’
নভেম্বরের প্রথম সপ্তাহে দেশ আমাদের ছবির শুটিংয়ে অংশ নেবেন নিরব ও হেলেন।