নিরাপত্তারক্ষী হওয়ার স্বপ্ন দেখতেন মিলন

ছোটবেলায় বিমানবন্দরের নিরাপত্তারক্ষী হওয়ার স্বপ্ন দেখতেন টেলিভিশন নাটক ও চলচ্চিত্রের জনপ্রিয় অভিনয়শিল্পী আনিসুর রহমান মিলন। কিন্তু বড় হওয়ার পর তা আর হয়ে ওঠেনি। সচেতনভাবেই অভিনেতা হয়েছেন তিনি। বৈশাখী টেলিভিশনের ‘শুধুই আড্ডা’ অনুষ্ঠানের শুটিংয়ে এসব কথা জানান মিলন।
‘শুধুই আড্ডা’ অনুষ্ঠানে আনিসুর রহমান মিলন ছোটবেলার স্বপ্নের কথার পাশাপাশি নিজের সাম্প্রতিক সিদ্ধান্তের কথাও জানিয়েছেন। তিনি জানান, খুব শিগগির ব্যক্তিজীবনে নতুন সিদ্ধান্ত নিতে যাচ্ছেন। নতুন করে বিয়ের বিষয়েও খোলামেলা কথা বলেছেন মিলন। প্রেমের বিষয়ে মিলন বলেন, প্রেম একটি চলমান প্রক্রিয়া। প্রেম আসবে-যাবে।
এসব ছাড়া আনিসুর রহমান মিলন কথা বলেছেন নিজের ভবিষ্যত্ কর্মপরিকল্পনা, অভিনয়, বর্তমান ব্যস্ততাসহ নানা প্রসঙ্গে।
এসএমএসের মাধ্যমে দর্শকদের পাঠানো নানা প্রশ্ন নিয়ে মিলনের সঙ্গে আড্ডা দিয়েছেন ফারহানা নিশো।
পলাশ মাহবুবের গ্রন্থনা ও পরিচালনায় বৈশাখী টেলিভিশনে ‘শুধুই আড্ডা’ অনুষ্ঠানটি প্রচারিত হবে কাল শনিবার রাত নয়টা ১০ মিনিটে।