নিরাপদ সৈকত চেয়ে জাতীয় কমিটি গঠনের উদ্যোগ
সমুদ্র সৈকতের নিরাপত্তায় সর্বস্তরের পেশাজীবীর সমন্বয়ে একটি জাতীয় কমিটি গঠনের আহ্বান জানিয়েছেন দেশের বিশিষ্টজনেরা। ‘পর্যটকদের জন্য সমুদ্র সৈকত হউক নিরাপদ’—এ স্লোগান সামনে রেখে গতকাল বুধবার বিকেলে তেজগাঁওয়ে চ্যানেল আই ভবনে আয়োজিত এক আলোচনা অনুষ্ঠানে তাঁরা এ আহ্বান জানান। সম্প্র্র্রতি বিজ্ঞাপনী সংস্থা মাত্রার তিন তরুণ কর্মী কক্সবাজারে সমুদ্রে ডুবে মারা যান। ভবিষ্যতে যেন আর কোনো প্রাণ অকালে ঝরে না যায়, সে বিষয়ে সাধারণ পর্যটকদের মধ্যে সচেতনতা বাড়াতে নিরাপদ সৈকত চেয়ে জাতীয় কমিটি গঠনের এমন উদ্যোগের কথা জানান তাঁরা। সমুদ্র ভ্রমণে পর্যটকদের মধ্যে সচেতনতা বৃদ্ধির জন্য সরকারি-বেসরকারি উদ্যোগ ও ভূমিকার কথা উল্লেখ করে বিশিষ্টজনেরা কয়েকটি সুপারিশও তুলে ধরেন। পর্যটকদের নিরাপদ সমুদ্র সৈকত ভ্রমণে সচেতনতা বাড়াতে প্রাথমিক পদক্ষেপ হিসেবে ১৩ আগস্ট জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন, মৌন অবস্থান কর্মসূচিসহ কিছু কর্মসূচি ঘোষণা করা হয় এ অনুষ্ঠানে। নাট্যজন নাসিরউদ্দিন ইউসুফের সঞ্চালনায় আলোচনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মতিউর রহমান চৌধুরী, ফরিদুর রেজা সাগর, সৈয়দ সালাউদ্দিন জাকী, মামুনুর রশীদ, পীযুষ বন্দোপাধ্যায়, রেজওয়ানা চৌধুরী বন্যা, সামিনা চৌধুরী, মনির আহমেদ খান, শহিদুল আলম সাচ্চু, সানাউল আরেফিন, আফজাল হোসেন, আপন আহসান, মুসা ইব্রাহিম, আলমগীর হোসেন, সাইদুজ্জামান রওশন প্রমুখ।