ঢাকার মঞ্চে জনপ্রিয় প্রযোজনা প্রজাপতি নাটকটির পর নাট্যকেন্দ্র নতুন নাটক ডালিম কুমার মঞ্চে এনেছে। ইতিমধ্যে নাটকটি দর্শকপ্রিয়তাও পেয়েছে। শুভাশিস সমীর সিনহার লেখা নাটকটির নির্দেশনা দিয়েছেন ইউসুফ হাসান, মঞ্চপাড়ায় যাঁকে সবাই অর্ক নামে চেনেন। আজ তাঁর সাক্ষাৎকারনাটকটিতে কোন বিষয়টি এখানে প্রাধান্য দেওয়া হয়েছে?নাটকটিতে রূপকথার ঘুমন্ত মেয়েটিকে রুপার কাঠি-সোনার কাঠি দিয়ে জাগিয়ে তোলে। বর্তমান নাগরিক সভ্যতার এই যান্ত্রিকতায় যেন মানুষ ঘুমিয়ে আছে। আমরা অপেক্ষা করছি একজন ডালিম কুমার আসবে। একজন দেশজ ডালিম কুমার, যে এসে আমাদের ঘুমিয়ে থাকা জাতিকে জাগিয়ে তুলবে। বর্তমান সময়ে যেন আমাদের দেশে নেতৃত্বের অভাব। ঘুমিয়ে থাকা জাতিকে জাগিয়ে তুলতে রূপকথার ডালিম কুমারের মতো একজন সত্যিকার নেতা হাল ধরবেন দেশের। এ বিষয়টিকেই নাটকে প্রাধান্য দেওয়া হয়েছে।নাটকটি নির্বাচন করলেন কেন?আমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্বে শিক্ষকতা করি। ২০০০ সালে বিভাগের চাঁদ বণিকের পালা নাটকটি করতে গিয়ে আমার কাছে মনে হয়েছে যে সারা পৃথিবীতেই নেতৃত্বের অভাব আছে। বর্তমান সময়ে মাও সে-তুং, লেনিন, মহাত্মা গান্ধী কিংবা বঙ্গবন্ধুর মতো নেতার বড়ই প্রয়োজন। ওই সময় আমার বিভাগের ছাত্র শুভাশিস সমীর সিনহাকে ডালিম কুমারের গল্প ধরে বর্তমানকে নিয়ে নাটকটি লিখতে বলি। কেননা, আমার কাছে মনে হয়েছে, রূপকথার ডালিম কুমারের মধ্যে নেতার আইকন আছে। ফলে ওই সময় নাটকটি মঞ্চে আনার পরিকল্পনা করি।এ পর্যন্ত নাটকটির অনেক প্রদর্শনী হয়েছে। দর্শকের প্রতিক্রিয়া কেমন?বেশ ভালো। দর্শক নাটকটি পছন্দ করেছে বলেই ইতিমধ্যে আমরা চাঁদপুর, সিলেট, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়সহ একাধিক জায়গায় নাটকটির কল শো করেছি। একটু না বললেই নয়, নাটকটির প্রথম প্রদর্শনীতেই ৬০ হাজার টাকার টিকিট বিক্রি হয়েছে, যা ঢাকার মঞ্চে অনেক বড় ব্যাপার। এ পর্যন্ত নাটকটির ১৩টি প্রদর্শনী হয়েছে। অনেকেই বলছেন, ঢাকার মঞ্চে এখন তরুণ নাট্যকারের জয়জয়কার। আপনি কী বলেন?ঢাকার মঞ্চে আমি আকতারুজ্জমানের শেষ সংলাপ, আজাদ আবুল কালামের রাজা ও অনন্যা, জাহিদ রিপনের হরগজ নাটক দেখেছি। তরুণদের এসব কাজ দেখে মনে হয়েছে, তাঁরা চ্যালেঞ্জ নিয়ে কাজ করছেন। তাঁদের সাহসী মনে হচ্ছে। তাঁরা নতুন মূল্যবোধ দিয়ে পুরোনোকে জাগিয়ে তুলছেন। আমরা সবাই মিলে একটা আশা দেখতে পাচ্ছি। এসব নাটক আঙ্গিক, উপস্থাপনা ও বিষয়বস্তুর দিক থেকে আলাদা হচ্ছে। বলা যায়, সব দিক থেকেই নিরীক্ষাধর্মী কাজ বেশি হচ্ছে। নব্বইয়ের দশকে আমাদের নাট্যজনেরা থিয়েটারে যে গবেষণাধর্মী কাজ শুরু করেছিলেন, তা আজ তরুণদের মধ্যে ছড়িয়ে গেছে। ভবিষ্যতে আরও ভালো কাজ আমরা তরুণেরা দর্শকদের উপহার দিতে পারব।আপনাদের দল নাট্যকেন্দ্রের আরজচরিতামৃত নাটকটি প্রদর্শনীর জন্য মিসরে যাচ্ছে। বিষয়টিকে কীভাবে দেখছেন?এটা আমাদের মঞ্চনাটকের জন্য একটা ইতিবাচক দিক। আমি মনে করি, আমাদের নাটক এখন বিশ্বমানের। আমি বলব, কলকাতার নাটকের চেয়ে আমাদের নাটক এখন ভালো অবস্থায়। সারা বছরই আমাদের নাটক একাধিক দেশে প্রদর্শনীর জন্য আমন্ত্রিত হচ্ছে। সেই যোগ্যতা এখন আমাদের নাটক অর্জন করেছে। ফলে কায়রোর পরীক্ষণ থিয়েটার উৎসবে আমাদের দলের নাটক আমন্ত্রণ পেয়েছে। গত বছর নাগরিক নাট্যসম্প্রদায়ের রক্তকরবী নাটকটি প্রদর্শিত হয়েছে। এর আগের বছর উৎসবে ঢাকা থিয়েটারের বিনোদিনী মঞ্চস্থ হয়। গত বছর আরণ্যক নাট্যদল কোরিয়ায় নাটকের প্রদর্শনী করেছে। এগুলো আমাদের থিয়েটারের অর্জন, নাট্যজনদের অর্জন।নতুন কোনো নাটকের নির্দেশনা দিচ্ছেন কি?এই মুহূর্তে নতুন কোনো কাজ করছি না। ডালিম কুমার নাটকটির পর সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের আমার বিভাগের ছাত্রছাত্রীদের নিয়ে সেলিম আল দীনের প্রাচ্য নাটকটি করেছি। এটি বিশ্ববিদ্যালয়ে প্রদর্শিত হয়েছে।