নিরীক্ষামূলক গল্প নিয়ে সিএটির নাটক
‘দি কমিউনিকেটর থিয়েটার নয়। আমরা একে বলি মঞ্চাভিনয়। দি কমিউনিকেটর আমার এক টুকরো নিরীক্ষামূলক চিন্তা। এর মধ্য দিয়ে আমি সামাজিক আচার, অঙ্গ সঞ্চালন, নৃত্য, সুর, সংলাপ, আবৃত্তি, পাপেট্রি, জাদু, সার্কাস, ভিজ্যুয়াল আর্ট, মাল্টিমিডিয়া ও ইনস্টলেশনের সম্মিলন করেছি। এটি একটি নতুন শৈল্পিক প্রকাশ, যা থিয়েটারের সব রীতিকে ভেঙে ফেলেছে। এখানে কোনো অঙ্ক, দৃশ্য, ইউনিট, উপাখ্যান নেই; এমনকি গ্রাফ কিংবা সময়কালের ধরাবাঁধা নিয়মও নেই,’ বললেন কামালউদ্দিন নীলু।ইয়াসমিনকা মার্কোভস্কার লেখা থেকে অনুবাদ করেছেন রায়হান আখতার আর নির্দেশনা দিয়েছেন কামালউদ্দিন নীলু।সেন্টার ফর এশিয়ান থিয়েটারের (সিএটি) এ নাটকের প্রদর্শনী হবে আজ বাংলাদেশ শিল্পকলা একাডেমীর জাতীয় নাট্যশালায়। নাটকটির উদ্বোধনী প্রদর্শনী হয়েছিল গত বছর নভেম্বর মাসে ইবসেন আন্তর্জাতিক উত্সবে। সিএটি সূত্রে জানা গেছে, আজ থেকে দি কমিউনিকেটর নাটকের নিয়মিত প্রদর্শনী অনুষ্ঠিত হতে যাচ্ছে।এ নাটকের গল্প প্রসঙ্গে তিনি বললেন, ‘দি কমিউনিকেটর মানব অস্তিত্ব এবং মুক্তির স্বপ্নকে ঘিরে একজন বিশ্ব-অভিযাত্রীর মনস্তাত্ত্বিক ভ্রমণ। বিচ্ছিন্নভাবে কমিউনিকেটর স্মরণ করছে ইবসেনের নাটক, চিঠি এবং বক্তৃতার খণ্ডিত সব সংলাপ এবং আজকের সংকটপূর্ণ পৃথিবীতে স্মৃতিতাড়িত করছে তাকে। এখানে কোনো প্রধান এবং অপ্রধান চরিত্র বলে কিছু নেই। তাই কখনো অভিনেতা, কখনো দর্শক এখানে প্রধান চরিত্রের ভূমিকা হয়ে উঠবে। এখানে উঠে এসেছে আমাদের মস্তিষ্কের অস্থিরতার প্রতিফলন এবং চিন্তার ঝড়। এই অভিনয়ের কোনো শুরু নেই, শেষও নেই। আবার কোনো সমাধান কিংবা সমাপ্তিও নেই। আমি মনে করি, এ নাটক দর্শকদের চিন্তা এবং অভিজ্ঞতাকে প্রশ্নবিদ্ধ করবে।’