নির্ঘুম জ্যাকসন!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাত্রাতিরিক্ত প্রোপোফল সেবনের কারণে ২০০৯ সালে মৃত্যুর কোলে ঢলে পড়েছিলেন ‘পপ কিং’ মাইকেল জ্যাকসন। মৃত্যুর বেশ কিছুদিন আগে থেকেই পপ কিং নাকি একদমই ঘুমাতে পারতেন না। ‘দিস ইজ ইট’ কনসার্টের মাধ্যমে ফেরার কথা ছিল জ্যাকসনের। তিনি এজন্য পুরোদমে প্রস্তুতি শুরু করেছিলেন। নাচে অসাধারণ পারদর্শিতার জন্য সুপরিচিত ছিলেন মাইকেল জ্যাকসন। অথচ ‘দিস ইজ ইট’ কনসার্টের মহড়ার সময় নতুন কোনো নাচের মুদ্রা রপ্ত করতে তাঁকে অনেক বেগ পোহাতে হচ্ছিল। অত্যন্ত ধীরগতিতে তিনি নাচের মুদ্রা শিখছিলেন। এজন্য মাঝেমধ্যেই মহড়া বন্ধ রাখতে হতো। স্লিপ এক্সপার্ট বা ঘুম-বিশেষজ্ঞ চার্লসের উদ্ধৃতি দিয়ে এক খবরে এমনটিই জানিয়েছে ইয়াহু নিউজ। শুধু তাই নয়, নিজের গানের কথাও মনে রাখতে পারছিলেন না জ্যাকসন। কনসার্ট চলাকালে গানের কথাগুলো প্রদর্শনের জন্য একজন টেলিপ্রম্পটার রাখার অনুরোধও করেছিলেন তিনি। এ ছাড়া, দ্রুত তাঁর শরীরের ওজনও কমে যাচ্ছিল। ঘুম-বিশেষজ্ঞ চার্লসের মতে, এসব লক্ষণ থেকে স্পষ্ট প্রমাণিত হয় যে, বেশ কিছুদিন ধরে জ্যাকসন একদমই ঘুমাতে পারতেন না। মূলত প্রপোফল সেবনের পার্শ্বপ্রতিক্রিয়ার কারণেই তাঁর ঘুমের এ সমস্যা হয়েছিল। জ্যাকসন মামলার একজন জুরিকে এ তথ্য জানিয়েছেন চার্লস। একজন মানুষের শরীরের জন্য যতটুকু ঘুমের চাহিদা, দীর্ঘদিন তা পূরণ না হলে মৃত্যু পর্যন্ত ঘটতে পারে। পরীক্ষাগারে প্রাণীর ওপর গবেষণা চালিয়ে বিষয়টির সত্যতা পাওয়া গেছে।