নির্ঝরের ‘স্বপ্নমুখী’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কণ্ঠশিল্পী আজমেরী হক নির্ঝরের তৃতীয় একক গানের অ্যালবাম ‘স্বপ্নমুখী’র প্রকাশনা অনুষ্ঠান হয়ে গেল গতকাল রোববার। রাজধানীর বেইলি রোডের একটি রেস্তোরাঁয় অ্যালবামটির প্রকাশনা অনুষ্ঠানকে ঘিরে তারার মেলা বসেছিল যেন। নির্ঝরকে নতুন অ্যালবাম প্রকাশের শুভেচ্ছা জানাতে এসেছিলেন সৈয়দ আব্দুল হাদী, রফিকুল আলম, সামিনা চৌধুরী, আসিফ, হাবিব, বালাম, আঁখি আলমগীর, বাসুদেব ঘোষ, কবির বকুল, শফিক তুহিন, হূদয় খান, কনা, জুলি, কিশোর, সাব্বির, ইমরান, পূজাসহ সংগীতজগতের অনেকে। উপস্থিত ছিলেন অ্যালবামসংশ্লিষ্ট সবাই।নির্ঝর বলেন, ‘আমার অনেক স্বপ্নের একটি অ্যালবাম “স্বপ্নমুখী”। বেশ কয়েক বছর ধরে এ ধরনের একটি অ্যালবামের স্বপ্ন দেখছিলাম; নবীন-প্রবীণ গীতিকারদের সমন্বয়ে অ্যালবামের গানগুলো সাজানো হবে। আর তাই গানের ধরনেও থাকবে ভিন্নতা।’‘স্বপ্নমুখী’ অ্যালবামের ছয়টি গানের সুর ও সংগীতায়োজন করেছেন চ্যানেল আই সেরা কণ্ঠখ্যাত শিল্পী ইমরান। এর মধ্যে দুটি দ্বৈত গানে নির্ঝরের সঙ্গে কণ্ঠও দিয়েছেন তিনি। বাকি গানগুলোর সুর ও সংগীতায়োজন করেছেন হূদয় খান ও বাসুদেব। এর আগে নির্ঝরের প্রকাশিত মৌলিক গানের অ্যালবাম হচ্ছে ‘পোড়ামুখী’ (২০০৩) ও ‘সূর্যমুখী’ (২০০৫)।পাঁচ বছর আগে হাবিবের সংগীতায়োজনে আশা ভোঁশলের গাওয়া ‘একটা দেশলাই কাঠি জ্বালাও’ গানটির রিমেক গেয়ে সংগীতাঙ্গনে অনেকের নজর কাড়েন নির্ঝর। এরপর ‘হূদয় মিক্স’ অ্যালবামে ‘জানি একদিন’ গানটির জন্য বেশ প্রশংসিত হন। তবে উচ্চশিক্ষার্থে দেশের বাইরে থাকায় তিনি গানের জগতে নিয়মিত হতে পারেননি। এখন থেকে তাঁকে পুরোপুরি সংগীতাঙ্গনে পাওয়া যাবে বলে আশা প্রকাশ করেছেন নির্ঝর। ‘স্বপ্নমুখী’ অ্যালবামের পাশাপাশি নির্ঝর সম্প্রতি তৌসিফের সুরে গান করেছেন। রুমি ও হূদয় খানের সংগীতায়োজনে দুটি মিশ্র অ্যালবামে গান গাওয়ার কথা রয়েছে তাঁর।