নির্দেশনা অনেক কঠিন কাজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

থিয়েটার বারামখানা নামের নতুন নাটক মঞ্চে আনতে যাচ্ছে। সুনীল গঙ্গোপাধ্যায়ের মনের মানুষ থেকে অনুপ্রাণিত হয়ে নাটকটি লিখেছেন পান্থ শাহরিয়ার। নাটকটির নির্দেশনার কাজটি করছেন ত্রপা মজুমদার। আজ তাঁর সাক্ষাৎকার।‘মুক্তি’ নাটক মঞ্চে আনার দীর্ঘ বিরতির পর ‘বারামখানা’ নিয়ে নির্দেশনার কাজ করছেন। মাঝখানে এই বিরতির কারণ কী?আমি নির্দেশক নই। আমি মূলত অভিনয়শিল্পী। অভিনয় করতেই স্বাচ্ছন্দ্য বোধ করি। এ কারণে নির্দেশনার কাজ সব সময়ই এড়িয়ে চলতে চাই। আর নির্দেশনা অনেক কঠিন কাজ। এ কারণে নির্দেশনায় আগ্রহ পাই না। তার পরও দলের সিদ্ধান্তে কিছু কাজ তো করতেই হয়। অভিনয়ের বেলায় চরিত্র ধরে নিজের মধ্যে ভাবনা কাজ করে, কিন্তু নির্দেশনার বেলায় পুরো নাটকের ডিজাইনটাই মাথায় থাকতে হয়। এটা অনেক বড় চাপ। তার পরও দলের সবার সহযোগিতা নিয়ে নাটকটি ওঠানোর চেষ্টা চালিয়ে যাচ্ছি।আপনি নাটকটি মঞ্চে আনার জন্য কীভাবে অনুপ্রাণিত হলেন?দলের সিদ্ধান্ত, একটা নতুন নাটক আমাকে মঞ্চে আনতে হবে। এ জন্য আমি বিভিন্ন নাটক, গল্প, উপন্যাস পড়ছিলাম। গত বছরের পূজা সংখ্যায় সুনীল গঙ্গোপাধ্যায়ের মনের মানুষ উপন্যাসটি পড়ে নিজের কাছে খুবই ভালো লেগে যায়। উপন্যাসটিতে যে নাটকীয়তা আছে, তা আমাকে নাটক হিসেবে মঞ্চে আনতে দারুণভাবে উৎসাহিত করেছে। যা-ই হোক, এই উপন্যাস পড়ে আমি পান্থ শাহরিয়ারকে নাটকটি লিখতে অনুরোধ করি। পান্থ টেলিভিশন নাটক লিখলেও কখনোই মঞ্চনাটক লেখেনি। সে পড়ার জন্য উপন্যাসটি নিয়ে যায়। পড়ার পর ওর কাছেও গল্পটি ভালো লেগে যায়। লিখতে রাজি হয়। গল্প যেহেতু লালনকে ঘিরে, তাই লালনের ওপর কিছু কাজ করার জন্য বেরিয়ে পড়ি।তারপর?আমি আর পান্থ মিলে কুষ্টিয়ায় লালনের আখড়ায় গেলাম। সেখানে সারা দিন থেকে লালনের শিষ্যদের কাছ থেকে, লালন একাডেমি থেকে বেশকিছু তথ্য নিয়ে আবার ঢাকায় চলে আসি। এরপর লেখার কাজ শুরু করা হয়। একটা সময় নাটকটি লেখার ক্ষেত্রে গল্পে দৃষ্টিভঙ্গি পাল্টে যায়। তখন নাটকটিতে লালনকে কেন্দ্র করেই মৌলিকভাবে গল্পটি লেখা হয়।নাটকে গল্পটি কীভাবে এসেছে?গল্পে লালনকে প্রতীক হিসেবে দেখানো হয়েছে। এখানে ধর্ম, দেশ ভাগ, বর্তমান সময়ের রাজনীতি, মাজার সংস্কৃতি প্রভৃতি দেখানো হয়েছে। লালন ছিলেন ধর্মনিরপেক্ষ মানুষ। অথচ বর্তমান সময়ে লালনকে পীর বানানো হয়েছে, মাজার বানিয়ে লালনকে নিয়ে অনেকেই ব্যবসা করছে। অথচ লালন কোনো সময়ই পীর ছিলেন না। আবার মাজারকে ঘিরে যে রাজনীতি হয়, তাও দেখানো হয়েছে।‘মুক্তি’ থেকে ‘বারামখানা’, প্রস্তুতি কেমন?আমি তো আগেই বলেছি, নির্দেশনা আমার কাছে খুবই কঠিন কাজ। সব সময়ই আমি বিষয়টিতে ভয় পাই। মুক্তি যখন মঞ্চে আনি, তখনই আবদুল্লাহ আল-মামুনের কারণেই করতে পেরেছি। সে সময় তিনিই আমাকে উৎসাহ দিয়ে কাজটি করিয়েছেন। তাঁরই পুরো কৃতিত্ব। মুক্তি নাটকটি ছিল ছোট ক্যানভাসে। মাত্র চারটি চরিত্র। বারামখানা অনেক বড় ক্যানভাসে। অনেক চরিত্র। তার পরও সবার সহযোগিতা নিয়ে কাজটি করছি। এখানে চ্যালেঞ্জটা অনেক বড়।কবে নাগাদ নাটকটি মঞ্চে আসবে বলে আশা করছেন?প্রায় তিন-চার মাস ধরে কাজটি করছি। ইচ্ছা ছিল, ঈদের পরপরই মঞ্চে আনব। কিন্তু এখন মনে হচ্ছে, মঞ্চে আনতে আরও দেড়-দুই মাস লেগে যাবে।এ পর্যন্ত নাটকটির যতটুকু কাজ হয়েছে, তা নিয়ে নিজের অনুভূতি কী?ভালোই হচ্ছে। আশা করছি, দর্শকের কাছে নাটকটি ভালো লাগবে। সেভাবেই কাজটি করছি। একটা ভিন্ন ধরনের কাজ হবে এটি। নির্দেশনার ক্ষেত্রে প্রতিটি নাটকই আলাদা হওয়া উচিত। তা না হলে মজা থাকে না। একজন নির্দেশকের ক্ষেত্রে পাণ্ডুলিপি থেকে শুরু করে চরিত্র, পোশাক, নাটকের ভঙ্গি—সবকিছুই একটি নাটক থেকে আরেকটি নাটকে নতুনত্ব থাকলে দর্শকের কাছে একঘেয়েমি লাগে না। দর্শকেরা বৈচিত্র্য খুঁজে পায়।