নির্ধারিত সময়ে শেষ হয়নি অনুদানের তিন ছবি
সরকারের নির্ধারিত সময়ের মধ্যে অনুদান পাওয়া তিনটি চলচ্চিত্রের মধ্যে একটিরও কাজ শেষ হয়নি। জানা গেছে, তিনটি ছবির মধ্যে জুনায়েদ হালিম এখনো স্বপ্ন ও দুঃস্বপ্নের কাল ছবির শুটিং শুরু করতে পারেননি। মোরশেদুল ইসলাম আমার বন্ধু রাশেদ ছবির শুটিং ঠিক সময়ে শুরু করলেও তা শেষ হয়নি। ১২ ফেব্রুয়ারি কাজ শেষ করার জন্য তিনি শুটিং ইউনিট নিয়ে যাচ্ছেন দিনাজপুরে। অন্যদিকে শাহজাহান চৌধুরী আত্মদান ছবির শুটিং কদিন আগে শেষ করেছেন। তথ্য মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছে, ২০০৮ সালের জন্য এই তিনটি ছবিকে অনুদান দেওয়া হয়। প্রায় দুই মাস আগেই এ তিনটি ছবির কাজ করার সময় শেষ হয়েছে। অথচ সরকারের অনুদান পাওয়ার অন্যতম শর্ত হচ্ছে, নির্ধারিত সময়ের মধ্যেই ছবির কাজ শেষ করতে হবে।মোরশেদুল ইসলাম বললেন, ‘মন্ত্রণালয় থেকে যথাসময়েই টাকা পাওয়া গেছে। কিন্তু নানা ব্যস্ততার কারণে একটু দেরি হয়েছে। আশা করছি মাস দুয়েকের মধ্যেই ছবিটির কাজ শেষ হবে।’শাহজাহান চৌধুরী বললেন, ‘দুটি কারণে নির্ধারিত সময়ের মধ্যে ছবির কাজ শেষ করতে পারিনি। প্রথমত, এফডিসিতে কালার অ্যানালাইজার মেশিন নষ্ট ছিল। দ্বিতীয়ত, ছবির প্রধান দুই শিল্পী আলমগীর ও চম্পা দেশের বাইরে ছিলেন।’অর্থসংকটের কারণে ছবির শুটিং শুরু করতে পারেননি জুনায়েদ হালিম। বললেন, ‘মন্ত্রণালয় যে টাকা দেয়, তা একটি ছবির শুটিংয়ের প্রস্তুতি নিতেই শেষ হয়ে যায়। এরই মধ্যে তিনটি গান তৈরি হয়েছে। শিগগিরই ছবির শুটিং শুরু করব।’