নির্বাক ছবি যখন বলছে কথা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কখনো কখনো নৈঃশব্দ্যও অনেক জোরালো ভাষায় কথা বলে। যেমনটা বলছে মিশেল হাজানাভিসিয়াসের ছবি দি আর্টিস্ট। গল্পের পটভূমি ১৯২৭ থেকে ১৯৩২-এর সাদাকালো হলিউড। যে সময় নির্বাক চলচ্চিত্রের দুর্দিন শুরু, এর বদলে জায়গা দখল করে নিচ্ছে ‘টকিজ’। এত দিন মানুষ শুধু পর্দায় চরিত্রগুলোর নড়াচড়া দেখে এসেছে। এর সঙ্গে এখন যুক্ত হলো সংলাপও! নির্বাক যুগের জর্জ ভ্যালেন্টিন নামের এক পড়তি ক্যারিয়ারের নায়কের সঙ্গে পেপি মিলার নামের সবাক যুগের উঠতি এক নায়িকার সম্পর্ক নিয়ে এ ছবি। সাদা-কালো ফ্রেমে তৈরি, সিংহভাগই সংলাপবিহীন। তার পরও এ ছবি বাজিমাত করে দিচ্ছে। গোল্ডেন গ্লোবে ছয়টি বিভাগে মনোনয়ন, পুরস্কার জিতেছে তিনটি। বাফটাতে মনোনয়ন পেয়েছে ১২টি বিভাগে। এখন দি আর্টিস্ট জয় করতে চায় অস্কার। চলচ্চিত্র অঙ্গনের সবচেয়ে মর্যাদাপূর্ণ এ পুরস্কার দেওয়া হবে আগামী মাসে। ছবির গল্প শুরু হয়েছে ১৯২৭ সালে। ভ্যালেন্টিনের নতুন ছবি আ রাশিয়ান অ্যাফেয়ার-এর প্রিমিয়ার। আলোকচিত্রীদের জন্য পোজ দিচ্ছিলেন। এমন সময় ভিড় থেকে এক তরুণী তাঁর দৃষ্টি আকর্ষণের চেষ্টা করেন। তরুণীর হাতের পার্সটি পড়ে যায়। তারকা হয়েও সৌজন্যের পরিচয় দিয়ে ভ্যালেন্টিন সেই পার্সটি তুলে দেন। মুহুর্মুহু জ্বলে ওঠে ক্যামেরার ফ্লাশ। পরের দিন পত্রিকায় ভ্যালেন্টিনের সঙ্গে ছাপা হয় মেয়েটিরও ছবি। সঙ্গে কৌতূহল জাগানিয়া শিরোনাম: ‘কে এই মেয়ে’।এ মেয়েটিই মিলার। চলচ্চিত্রে ক্যারিয়ার গড়তে চান যিনি। অবশেষে ভ্যালেন্টিনের সহযোগিতায় শুরু হয় তাঁর যাত্রা। একসময় দ্রুত প্রতিষ্ঠাও পান। কাহিনি নতুন দিকে মোড় নেয় দুই বছর পর। নির্বাক যুগের শেষ প্রতিনিধি হিসেবে জেদের বশে শব্দহীন ছবি বানাতে থাকেন ভ্যালেন্টিন। ফল একের পর এক ফ্লপ। চূড়ান্ত ধাক্কাটি আসে ১৯২৯ সালের শেয়ারবাজার ধসে। স্ত্রী, সংসার সব হারানো ভ্যালেন্টিন অর্থনৈতিকভাবেও ফতুর হয়ে যান। বাধ্য হন নিজের সবকিছু নিলামে তুলে দিতে।আলো ঝলমলে দুনিয়া থেকে অন্ধকারের আস্তাকুঁড়ে নিক্ষেপিত ভ্যালেন্টিনের পাশে এসে দাঁড়ান মিলার। এমনকি ভ্যালেন্টিনের নিলাম করা সবকিছু কিনে নিয়ে ফেরতও দিয়ে দেন। কিন্তু সবই করেন গোপনে। তাঁর জেদের কারণেই ভ্যালেন্টিনকে আবার ছবিতে নিতে রাজি হন প্রযোজক। কিন্তু মিলারের এ চেষ্টা আর গোপন থাকে না। ভ্যালেন্টিনকে কিনা মিলারের দাক্ষিণ্য নিয়ে বেঁচে থাকতে হচ্ছে! তিনি সিদ্ধান্ত নেন আত্মহত্যার। মিলার ছুটে যান তাঁকে ফেরাতে। বাকি গল্প ছবি দেখেই বরং জেনে নেবেন আপনারা। আপাতত শুধু এতটুকু জানানো যায়, কান আর গোল্ডেন গ্লোবে সেরা অভিনেতার পুরস্কার জেতা ভ্যালেন্টিনের চরিত্রে রূপদানকারী জ্যঁ দুজারদেঁকে নিয়ে ধন্য ধন্য করছে সবাই। পরিচালক হাজানাভিসিয়াসও ভাসছেন স্তুতির বন্যায়। ফরাসি পরিচালক নিজে অবশ্য স্বীকার করে নিয়েছেন, সমালোচকদের মন যে এভাবে জিততে পারবেন, তা তাঁর সুদূরতম কল্পনাতেও ছিল না, ‘আমরা ভেবেছিলাম এ ছবি বিভিন্ন উৎসবের জন্য ভালো হবে। কিন্তু সমালোচক? না, আমরা ভাবিনি। আমরা আসলেই তা আশা করিনি।’তা করুন আর না-ই করুন, এখন থেকেই তাঁদের ভেবে রাখা উচিত, অস্কার জেতার পর পুরস্কার প্রদানের মঞ্চে কী বলবেন! রাজীব হাসানতথ্য: বার্তা সংস্থা