নির্বাক সাবা
টেলিছবির নাম গল্পটা সিনেমার নয়। ৭০ মিনিটের এই টেলিছবিতে কোনো সংলাপ নেই। সংলাপ ছাড়াই অভিনয় করতে হয়েছে শিল্পীদের। গল্পটি ফুটিয়ে তুলতে হয়েছে অভিনয় দিয়ে। মেয়েটি অসুস্থ। চিকিৎসকের মতে, আর মাত্র কয়েকটা দিন সে পৃথিবীর আলো-বাতাস ভোগ করতে পারবে। অনেক দিন আগে থেকে একটি ছেলের সঙ্গে তার যোগাযোগ ছিল। ছেলেটি তার কাছে আসতে চায়। বাধা দিলেও একসময় মেয়ের বাবা-মা তা মেনে নেয়। এরপর মেয়েটিকে দেখে মনে হয়, সে হয়তো সুস্থ হয়ে উঠছে। কিন্তু একসময় চিকিৎসকের কথাই সত্যি হয়ে যায়।—এভাবেই টেলিছবির গল্পটি শোনালেন এর নাট্যকার ও পরিচালক মুরাদ পারভেজ।এই টেলিছবিতে অভিনয় করেছেন সাবা। তিনি বললেন, ‘কারও কোনো সংলাপ ছিল না। নিরীক্ষার একটা ব্যাপার ছিল। তা আগে থেকেই আমরা মাথায় রেখেছি। আমরা তো সংলাপ আর অভিনয় দিয়ে পুরো ব্যাপারটি উপস্থাপন করি। এখানে সংলাপ বাদ। তাই অভিনয় আর শারীরিক ভাষার ওপর সবাই বেশি জোর দিয়েছি। আর পরিচালক কী চান, তা তিনি প্রতি মুহূর্তে বুঝিয়ে দিয়েছেন। অন্য রকম একটা অভিজ্ঞতা হলো সবার।’পরিচালক জানালেন, সাবাকে ঘিরেই পুরো গল্প। সঙ্গে আরও আছেন অপূর্ব, আবদুল্লাহ রানা প্রমুখ। ঈদের দিন মাছরাঙা টিভিতে প্রচারিত হবে এ টেলিছবি।