নির্বাচন নিয়ে তারকাদের ব্যস্ততা
এবার চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস পাওয়া যাচ্ছে। এরই মধ্যে শাকিব খান ও মিশা সওদাগরের নেতৃত্বে তারকা শিল্পীদের একটি প্যানেল হয়েছে। এই প্যানেলে আছেন মৌসুমী, ফেরদৌস, আমিন খান, পূর্ণিমা, ওমর সানিসহ আরও অনেকে। অন্যদিকে মিজু আহমেদ ও রুবেলের নেতৃত্বে আরেকটি প্যানেলে চলচ্চিত্রে সহশিল্পীর চরিত্রে অভিনয় করেন এমন সদস্যসহ মারপিট পরিচালক ও নৃত্যপরিচালক রয়েছেন। পাশাপাশি জ্যেষ্ঠ অনেক শিল্পীও প্রতিদ্বন্দ্বিতা করবেন।শাকিব খান ও মিশা দাবি করেন, চলচ্চিত্রের জ্যেষ্ঠ শিল্পীরা তাঁদের পাশে রয়েছেন। তাঁদের মতে, রাজ্জাক, আলমগীর, ফারুক, সোহেল রানা, ববিতা, কবরী, চম্পা তাঁদের প্যানেলের হয়ে কাজ করছেন। অন্যদিকে মিজু আহমেদ জানিয়েছেন, জ্যেষ্ঠ এই শিল্পীরা তাঁর প্যানেলকে সমর্থন জানিয়েছেন। এদিকে শুটিং থাকুক বা না থাকুক, নির্বাচনে অংশ নেওয়া শিল্পীরা নিয়মিত এফডিসিতে আসছেন এবং চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সদস্যদের সঙ্গে যোগাযোগ করছেন। জানা গেছে, শাকিব খান দুস্থ শিল্পীদের নানাভাবে সহযোগিতা করছেন, সবার সহযোগিতা চাইছেন। অন্যদিকে মিজু আহমেদ শিল্পীদের কাছে নিজের ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরছেন। সাধারণ সম্পাদক পদে মিশা ও রুবেলের লড়াই জমে উঠবে বলে মনে করছেন নির্মাতারা। কারণ, রুবেলকে অনেকেই পছন্দ করেন। আবার মিশাও দারুণ জনপ্রিয়। তাই নিজেদের আরও জনপ্রিয় করে তোলার জন্য রুবেল ও মিশা জোরেশোরে জনসংযোগ শুরু করেছেন।