নির্বাচন শেষ, এখন শুধু শুটিং

বেশ কিছুদিন ধরে শিল্পী সমিতির নির্বাচন নিয়ে ব্যস্ত ছিলেন সাইমন। দিনরাত সহশিল্পী সহকর্মীদের কাছে প্রচারণা নিয়ে ব্যস্ত ছিলেন। পরিশ্রমের ফলও পেয়েছেন। শিল্পী সমিতির নির্বাচনে সর্বোচ্চ ভোট পেয়ে কার্যনির্বাহী পরিষদের সদস্য নির্বাচিত হয়েছেন। এবার শুটিংয়ে মন দেওয়ার পালা। করেছেনও তাই। আজ বৃহস্পতিবার সকালের ফ্লাইটে কক্সবাজারের উদ্দেশে ঢাকা ছেড়েছেন। দুপুরের পর ইনানী সৈকতে গানের দৃশ্যায়নে অংশ নিয়েছেন বলে জানালেন দেশের সিনেমার নবাগত এই নায়ক।
বেশ কিছুদিন পর জান্নাত সিনেমার শুটিং শুরু করেছেন পরিচালন মোস্তাফিজুর রহমান মানিক। এই সিনেমার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন সাইমন। এতে তিনি অভিনয় করছেন মাহির বিপরীতে।
প্রথম আলোর সঙ্গে আলাপে আজ বিকেলে সাইমন বলেন, ‘নির্বাচন নিয়ে কয়েকটা দিন অনেক ব্যস্ত ছিলাম। তবে শিল্পীদের যে ভালোবাসা পেয়েছি তাতে আমি অভিভূত। শিল্পীদের সবাই যে এতটা ভালোবাসে তা ভাবিনি। এখন শুটিংয়ে মন দিতে চাই। তাই পূর্বনির্ধারিত শিডিউল মতো চলেও এসেছি। এর মধ্যে কাল শিল্পী সমিতির নবনির্বাচিত কমিটির শপথগ্রহণ অনুষ্ঠান। পরিচালকের সঙ্গে কথা বলে সকালে ঢাকায় যাব। পরদিন সকালে এসে আবার শুটিং শুরু করব।’
সাইমন এও জানান, জান্নাত সিনেমার গানের শুটিং বাকি। এবার টানা কাজ করলেই শেষ হয়ে যাবে। এরপর অন্য সিনেমার কাজ নিয়ে আবার ব্যস্ত হয়ে পড়বেন তিনি।