নির্বাচনী মাঠে আছেন তারকারাও

বেজে উঠেছে ঢাকা উত্তর ও দক্ষিণ এবং চট্টগ্রাম সিটি নির্বাচনের দামামা। চারদিকে সাজসাজ রব। পোস্টারে ছেয়ে গেছে পুরো নগর। বায়ান্ন বাজার তেপ্পান্ন গলির এই শহরে প্রার্থীরা ছুটছেন ভোটারদের দ্বারে দ্বারে। জমে উঠেছে নির্বাচনী প্রচারণা। প্রার্থী আর সাধারণ মানুষের পাশাপাশি এই প্রচারণায় অংশ নিচ্ছেন বিভিন্ন অঙ্গনের তারকারাও। পছন্দের প্রার্থীকে জয়ের মালা পরানোর আহ্বান জানাচ্ছেন তাঁরা। কেউ সামাজিক যোগাযোগের মাধ্যমে আবার কেউ হেঁটে সশরীরে প্রার্থীর সঙ্গে নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন। এ তালিকায় আছেন অভিনেতা রাজ্জাক থেকে শুরু করে হাল সময়ের অভিনয়শিল্পী বাঁধনও।
ঢাকা উত্তরের মেয়র পদপ্রার্থী হিসেবে আনিসুল হকের নাম প্রস্তাবকদের একজন রাজ্জাক। তাঁর মতে, ‘সেই ১৯৬৫ সাল থেকে তাকে চিনি। খুব ভালো একজন মানুষ। আমার বিশ্বাস, সে যদি মেয়র হিসেবে নির্বাচিত হয়, তাহলে ভালো কাজ করবে।’
এ টি এম শামসুজ্জামানেরও পছন্দ আনিসুল হক। কাজের ফাঁকে তিনি যাচ্ছেন নির্বাচনী প্রচারণায়। অংশ নিয়েছেন রাস্তা পরিষ্কার কর্মসূচিতে। তিনি বলেন, ‘আনিসুল হক একজন আপাদমস্তক ভদ্রলোক। এমন ভদ্রলোককে আমরা মেয়র হিসেবে চাই।’
সংগীতশিল্পী মমতাজ প্রচারণা চলাচ্ছেন আনিসুল হক আর সাঈদ খোকনের পক্ষে। বললেন, ‘ভোট দেওয়ার জন্য সবাইকে উৎসাহ জোগাতে নতুন দুটি গান করেছি। দুটি গানেই অন্য রকম মজা আছে। শুনলে সবাই মজা পাবেন।’
মেয়র পদপ্রার্থী মির্জা আব্বাস আর তাবিথ আউয়ালের হয়ে কাজ করছেন সংগীতশিল্পী মনির খান। তিনি কথা বলেন গানে গানে। বললেন, ‘আমি জাতীয়তাবাদী আদর্শের সঙ্গে যুক্ত এবং দীর্ঘদিন এই আদর্শের রাজনীতি করছি। সেই দায়িত্ব থেকে এই দুজনের হয়ে কাজ করছি।’
বাঁধন প্রচারণা চালাচ্ছেন আনিসুল হকের পক্ষে। বললেন, ‘আমার বাসা মিরপুর। আনিসুল হক যে কদিন মিরপুরে এসেছেন, আমি তাঁর সঙ্গে প্রচারণায় যোগ দিয়েছি।’

মেয়র হিসেবে বন্যা মির্জার পছন্দ জোনায়েদ সাকি। বললেন, ‘আমাদের আসলে একটা বিকল্প জায়গা দেখতে হবে। মেয়র হিসেবে অবশ্যই তরুণ ও উজ্জীবিত মানুষকে দেখতে চাই, যিনি রাজনীতি জানেন ও বোঝেন।’
ছাত্রজীবনে ছাত্র ফেডারেশনের সঙ্গে যোগাযোগ ছিল নির্মাতা অমিতাভ রেজার। জোনায়েদ সাকির প্রতি সমর্থন জানিয়ে বললেন, ‘কাজের চাপের কারণে রাস্তায় নেমে প্রচারণা চালাতে পারছি না। আমি প্রচারণা চালাচ্ছি সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে।’
কৃষ্ণকলির সমর্থনও জোনায়েদ সাকির প্রতি। সাকির সঙ্গে তিনি যাচ্ছেন বিভিন্ন স্থানে। তাঁর মতে, ‘কোনো সংগঠনের কর্মী হিসেবে নয়, একজন স্বাবলম্বী ও বোধবুদ্ধিসম্পন্ন প্রাপ্তবয়স্ক মানুষ হিসেবে পরবর্তী প্রজন্মের জন্য আমার রাজনৈতিক ভাষা পরিবর্তনের প্রয়োজন। সেই কারণেই আমার পছন্দ জোনায়েদ সাকি। আমি তাঁকে ব্যক্তিগতভাবে চিনি। আমার মনে হয়েছে, তাঁর মধ্যে কোনো ভাঁওতাবাজি নেই।’
তাবিথ আউয়ালের হয়ে কাজ করছেন শাফিন আহমেদ। তিনিও তৈরি করেছেন দুটি গান, ‘নতুন ঢাকা’ ও ‘আদর্শ ঢাকা’। বললেন, ‘আমার সমর্থন নতুন প্রজন্মের জন্য। আমার মনে হয় এ ব্যাপারে কারও দ্বিমত নেই। আমি চাই, নির্বাচন যেন সঠিকভাবে হয়।’
তাবিথ আউয়াল ও মির্জা আব্বাসের সমর্থক সুরকার ও সংগীত পরিচালক গাজী মাজহারুল আনোয়ার। বললেন, ‘আমরা সংস্কৃতির লোক। সব ধরনের অরাজকতাকে দূর করার ক্ষেত্রে যাঁরা প্রতিজ্ঞাবদ্ধ, তাঁদের প্রতি আমাদের পূর্ণ সমর্থন।’
এ ছাড়া ঢাকা সিটি নির্বাচনে নানাভাবে প্রচারণার সঙ্গে যুক্ত আছেন রামেন্দু মজুমদার, তারানা হালিম, আব্দুন নূর তুষার, ইনামুল হক, শর্মিলী আহমেদ, আফরোজা বানু, শহীদুল আলম সাচ্চু, তমালিকা কর্মকার, শাহরিয়ার নাজিম জয়সহ আরও অনেকে। নিজেদের পছন্দের প্রার্থীর পক্ষে তাঁরা অংশ নিচ্ছেন নানা প্রচারণায়।
