প্রথমবারের মতো ডিরেক্টরস গিল্ডের নির্বাচন
নির্বাচনে লড়বেন জাহিদ হাসান, গাজী রাকায়েত ও কায়েস চৌধুরী
প্রথমবারের মত টেলিভিশন নাটক নির্মাতাদের সংগঠন ‘ডিরেক্টরস গিল্ড’-এর নির্বাচনের ঘোষণা দেওয়া হয়েছে। আগামী ২২ জুলাই বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত হবে এ নির্বাচন। এবারই আনুষ্ঠানিক ভোট গ্রহণের মাধ্যমে এ সংগঠনটির কমিটি নির্বাচন করা হবে। এর আগে সিলেকশন পদ্ধতিতে গঠিত হতো সংগঠনটির কমিটি।
কমিটির বর্তমান সাধারণ সম্পাদক গাজী রাকায়েত প্রথম আলোকে আজ শনিবার জানান, তিনিসহ আগামী নির্বাচনে সভাপতি পদে লড়বেন অভিনেতা জাহিদ হাসান ও কায়েস চৌধুরী। সাধারণ সম্পাদক পদে লড়বেন মুহাম্মদ মোস্তফা কামাল রাজ ও এস এ হক অলিক। মনোনয়নপত্র প্রত্যাহারের সময়সীমা ১১ জুলাই দুপুর ১২টা থেকে রাত ৮টা পর্যন্ত। প্রার্থীদের মনোনয়নপত্র প্রত্যাহারের জন্য পৃথকভাবে সাদা কাগজে নির্বাচন কমিশনের কাছে আবেদন করতে হবে। চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ হবে ১২ জুলাই রাত ৮টায়। তখন বোঝা যাবে শেষ পর্যন্ত নির্বাচনের লড়াইয়ে কারা কারা থাকছেন।
২২ জুলাই সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলবে ভোটগ্রহণ। মাঝে দুপুর ১টা থেকে ২টা পর্যন্ত থাকবে বিরতি। বিকেল সাড়ে ৫টা থেকে ভোট গণনা শুরু হবে। গণনা শেষে নির্বাচন কমিশন কর্তৃক ফলাফল ঘোষণা করা হবে। প্রধান নির্বাচন কমিশনার হিসেবে থাকছেন ইনামুল হক। তাঁর সঙ্গে কমিশনার থাকবেন এস এম মহসীন ও খায়রুল আলম সবুজ।
নির্বাচন বিধিমালায় বলা হয়েছে, কোনো প্যানেল ভিত্তিক নির্বাচন করা যাবে না। সুতরাং প্রত্যেক প্রার্থীকে এককভাবে নির্বাচনে অংশ নিতে হবে। নির্বাচনী প্রচার অভিযানে পোস্টার, ফেসবুক বা সামাজিক যোগাযোগ মাধ্যমকে ব্যবহার করা যাবে না। নির্বাচনকে কেন্দ্র করে কোনো সভা বা অনুষ্ঠান করা যাবে না।