নির্বাচিত চলচ্চিত্রের প্রদর্শনী ৩০ জানুয়ারি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘নতুন চলচ্চিত্র, নতুন নির্মাতা’ চলচ্চিত্র উৎসব
‘নতুন চলচ্চিত্র, নতুন নির্মাতা’ চলচ্চিত্র উৎসব

বাংলাদেশ শিল্পকলা একাডেমী ও ম্যুভিয়ানা ফিল্ম সোসাইটি যৌথভাবে গত বছরের এপ্রিল মাসে ‘নতুন চলচ্চিত্র, নতুন নির্মাতা’ শিরোনামে এক প্রতিযোগিতামূলক চলচ্চিত্র উৎসবের আয়োজন করেছিল। এই উৎসবে জানুয়ারি মাসের প্রদর্শনীর জন্য জমা হওয়া চলচ্চিত্র থেকে ১৩টি চলচ্চিত্র নির্বাচন করেছেন জুরি সদস্যরা। নির্বাচিত চলচ্চিত্রগুলোর মধ্যে ছয়টি স্বল্পদৈর্ঘ্য কাহিনিচিত্র এবং একটি প্রামাণ্য চলচ্চিত্রের উদ্বোধনী প্রদর্শনী হবে ৩০ জানুয়ারি শনিবার।


নির্বাচিত চলচ্চিত্রগুলোর প্রদর্শনী হবে বাংলাদেশ শিল্পকলা একাডেমীর জাতীয় চিত্রশালা মিলনায়তনে বিকেল তিনটা, সাড়ে চারটা ও সন্ধ্যা সাড়ে ছয়টায়।

প্রসঙ্গত, এই উৎসবে প্রতি মাসের ১ থেকে ১০ তারিখের মধ্যে চলচ্চিত্র জমা দিতে হয়। এ থেকে নির্বাচিত চলচ্চিত্রগুলো মাসের শেষ সপ্তাহে ন্যূনতম দর্শনীর বিনিময়ে প্রদর্শিত হয়। দর্শনীর টাকা দর্শকের উপস্থিতিতেই নির্মাতাদের হাতে তুলে দেওয়া হয়।

৩০ জানুয়ারি বিকেল তিনটায় থাকছে সাতটি স্বল্পদৈর্ঘ্য কাহিনি চলচ্চিত্রের প্রদর্শনী। নির্মাতা জাবেদ পাটওয়ারীর স্বল্পদৈর্ঘ্য কাহিনিচিত্র ‘হোম কামিং’, নির্মাতা মোহাম্মদ মনিরুল ইসলামের ‘জনৈক কেতাদুরস্ত’ (উদ্বোধনী প্রদর্শনী), নির্মাতা মোহাম্মদ নূরুজ্জামানের ‘জংশন’, নির্মাতা মো. আবু বকর সিদ্দিকের ‘ইন অ্যা বাউন্ডারি’ (উদ্বোধনী প্রদর্শনী), নির্মাতা আনোয়ার আনারের ‘দ্রোহ দিন প্রতিদিন’ (উদ্বোধনী প্রদর্শনী), নির্মাতা রাহাতুল জামান রংগনের ‘দ্য মেশিন’ (উদ্বোধনী প্রদর্শনী) ও নির্মাতা মো. নাঈম উল ইসলাম আবিরের ‘দ্য এজ অব লাইফ’।

বিকেল সাড়ে চারটায় প্রদর্শিত হবে চারটি স্বল্পদৈর্ঘ্য কাহিনিচিত্র এবং একটি প্রামাণ্য চলচ্চিত্র। প্রদর্শিত হবে নির্মাতা এনামুল হক কবিরের স্বল্পদৈর্ঘ্য কাহিনিচিত্র ‘দ্য ডুয়েল’, নির্মাতা শাফিউর রহমান ও ডেভিড আরমানের ‘সংকোচ’ (উদ্বোধনী প্রদর্শনী), নির্মাতা আনিসুর রহমানের ‘আদর্শলিপি’, নির্মাতা হিন্দোল রায়ের ‘খোলা হাওয়া’ (উদ্বোধনী প্রদর্শনী) ও নির্মাতা পলাশ রসূলের প্রামাণ্য চলচ্চিত্র ‘ঢাকা মেট্রো চ’ (উদ্বোধনী প্রদর্শনী)।

এই উৎসবে ৩০ জানুয়ারি প্রদর্শিত হবে যেসব চলচ্চিত্র
এই উৎসবে ৩০ জানুয়ারি প্রদর্শিত হবে যেসব চলচ্চিত্র

এ ছাড়া এই উৎসবে সন্ধ্যা সাড়ে ছয়টায় প্রদর্শিত হবে চলচ্চিত্রকার মোরশেদুল ইসলামের নির্মিত কাহিনি চলচ্চিত্র ‘অনিল বাগচীর একদিন’।