নির্মলেন্দু গুণের কথায় সুর দিলেন প্রিন্স মাহমুদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কবি নির্মলেন্দু গুণের আলোচিত কবিতা ‘নেকাব্বরের মহাপ্রয়াণ’ অবলম্বনে সরকারি অনুদানে নির্মীয়মাণ ‘নেকাব্বরের মহাপ্রয়াণ’ চলচ্চিত্রে একটি গানের সুর ও সংগীত পরিচালনা করছেন প্রিন্স মাহমুদ। গানটির কথা লিখেছেন কবি নির্মলেন্দু গুণ। এরই মধ্যে ‘চিরকালের বাঁশি’ শিরোনামে গানটির ধারণকাজ সম্পন্ন হয়েছে। প্রিন্স মাহমুদের সুর ও সংগীতায়োজনে এই গানে কণ্ঠ দিয়েছেন বারী সিদ্দিকী। প্রথম আলো ডটকমকে প্রিন্স মাহমুদ বলেন, ‘পছন্দমতো গান হাতে না পাওয়ায় এত দিন চলচ্চিত্রের গান থেকে দূরে ছিলাম। তবে এবার ভালো একটি গান পেয়েছি। গানটির কথা লিখেছেন কবি নির্মলেন্দু গুণ। তিনি আমার পছন্দের একজন কবি।’ প্রিন্স মাহমুদ আরও বলেন, ‘নির্মলেন্দু গুণের “নেকাব্বরের মহাপ্রয়াণ” কবিতা অবলম্বনে নির্মীয়মাণ এই ছবিতে গানটি ব্যবহূত হবে। সবকিছু মিলিয়ে ব্যাটে-বলে মিলে যাওয়ায় কাজটি করতে রাজি হয়েছি। এখন থেকে নিয়মিত চলচ্চিত্রের গান করার ইচ্ছে আছে।’ সর্বশেষ ২০০৯ সালে মুক্তি পাওয়া মোস্তফা সরয়ার ফারুকীর ‘থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার’ ছবির একটি গানে সংগীত পরিচালনা করেছিলেন প্রিন্স মাহমুদ। মাসুদ পথিকের পরিচালনায় নির্মীয়মাণ ‘নেকাব্বরের মহাপ্রয়াণ’ চলচ্চিত্রে অভিনয় করছেন ১৫ জন কবি। তাঁঁরা হলেন: নির্মলেন্দু গুণ, অসীম সাহা, অমিতাভ পাল, সৌমিত্র দেব, বদরুল হায়দার, সনজিব পুরোহিত, মাঈন মজুমদার, সিরাজ এহসান, তারেক মাহমুদ, আনজির লিটন, প্রাণেশ চৌধুরী, দিলদার হোসেন, জহির বাপী, ফয়সাল শাহ, জাহেদ সারওয়ার ও মাসুদ পথিক।ছবিতে আরও অভিনয় করেছেন নবীন-প্রবীণ বেশ কজন অভিনয়শিল্পী। তাঁরা হলেন: চম্পা, প্রবীর মিত্র, মামুনুর রশীদ, সমু চৌধুরী, হেলাল খান, জয়রাজ, লাবণ্য লিজা, শেখ শাহেদ আলী, রাজু আহমেদ প্রমুখ। গত ২৬ মার্চ ‘নেকাব্বরের মহাপ্রয়াণ’ ছবির শুটিং শুরু হয়।