নির্মাতা ও শিল্পীদের জন্য নীতিমালা
টেলিভিশন অনুষ্ঠান নির্মাণ পর্যায়ে শৃঙ্খলা ও পেশাদারি মনোভাব তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। এখন থেকে অনুষ্ঠান প্রযোজক, পরিচালক ও শিল্পীর ভূমিকা এবং নিয়মনীতি নির্ধারণ, আচরণবিধি প্রণয়ন এবং তা মেনে চলার ব্যাপারে কঠোর অবস্থান নিয়েছে টেলিভিশন প্রডিউসারস অ্যাসোসিয়েশন, ডিরেক্টরস গিল্ড ও অভিনয়শিল্পী সংঘ। কাল রোববার দুপুরে বাংলাদেশ শিল্পকলা একাডেমীর সেমিনারকক্ষে এ ব্যাপারে একটি ত্রিপক্ষীয় চুক্তি হবে। সংশ্লিষ্ট পক্ষগুলোর কাছ থেকে জানা গেছে, টিভি অনুষ্ঠান নির্মাণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ৫০টি বিষয়ের ব্যাপারে তিনটি সংগঠনই একমত হয়েছে। এ সবই থাকছে ত্রিপক্ষীয় চুক্তিনামায়। যৌথ চুক্তি স্বাক্ষরের পরপরই তা বই আকারে প্রকাশ করা হবে। প্রত্যেক প্রযোজক, পরিচালক ও শিল্পীকে তা সংগ্রহ করতে হবে এবং মেনে চলতে হবে। ভবিষ্যতেও যাঁরা এখানে কাজ করতে আসবেন, তাঁরাও এ বিষয়গুলো জেনে, বুঝে তবেই কাজ শুরু করবেন।ত্রিপক্ষীয় চুক্তিনামায় খুব বেশি গুরুত্ব দেওয়া হয়েছে আর্থিক দিক এবং কাজের সময়কে। এখন থেকে পরিচালক, শিল্পী ও অন্যদের আর্থিক দিকটি যথাযথভাবে সম্পাদন করবেন প্রযোজক। এ ক্ষেত্রে কোনো গাফিলতি মেনে নেওয়া হবে না। এখন থেকে কাজের সময় নির্ধারণ করা হয়েছে ১২ ঘণ্টা। নির্দিষ্ট সময়ের পর কাউকে দিয়ে কাজ করাতে হলে, তার জন্য রয়েছে আলাদা নির্দেশনা। শিল্পীকে অবশ্যই নির্ধারিত সময়ের আগে শুটিংয়ের স্থানে পৌঁছাতে হবে। চিত্রনাট্য থেকে শুরু করে আনুষঙ্গিক সব ব্যাপারে আগে থেকেই প্রস্তুতি নিয়ে আসতে হবে। শুটিংয়ের স্থানে মুঠোফোন ব্যবহারে কড়াকড়ি আরোপ করা হয়েছে। চুক্তিবদ্ধ সময়ের মধ্যে কেউ মুঠোফোন ব্যবহার করতে পারবেন না। কোনো শিল্পী বা পরিচালক সময়মতো না এলে অথবা তাঁর জন্য অনুষ্ঠান বা নাটক নির্মাণ ব্যাহত হলে অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। জানা গেছে, প্রায় ছয় মাস ধরে তিনটি সংগঠনের সাধারণ সম্পাদকেরা বারবার খসড়া তৈরি ও সভা করে এই ত্রিপক্ষীয় চুক্তিনামা তৈরি করেছেন। তাঁরা হলেন তারিক আনাম খান (প্রডিউসারস অ্যাসোসিয়েশন), গাজী রাকায়েত (ডিরেক্টরস গিল্ড) ও তুষার খান (অভিনয়শিল্পী সংঘ)। কাল চুক্তিনামায় সই করার কথা রয়েছে এই তিনটি সংগঠনের সভাপতির। তাঁরা হলেন যথাক্রমে মামুনুর রশীদ, নাসির উদ্দিন ইউসুফ ও আলী যাকের। আগামী ১ জুলাই থেকে চুক্তিটি কার্যকর হবে।