নির্মাতা যখন শিশু-কিশোর
আমাদের মতিউর (১৮ মিনিট), পম্পি নামের ছেলেটি (২০ মিনিট) ও অটুট স্বপ্ন (২০ মিনিট)—তিনটি শিশুতোষ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র। আর এগুলো নির্মাণ করেছে শিশু-কিশোরেরা। নিজেদের গল্প, নিজেরাই শুটিং করেছে, আবার শুটিং-পরবর্তী কাজগুলোও করেছে শিশুরা। তবে তাদের কাজে বড়দের সহযোগিতাও ছিল। গত শুক্রবার সকালে এই শিশু-কিশোরদের তৈরি ছবিগুলো দেখলেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। বাংলা একাডেমির আবদুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তনে বাংলাদেশ শিশু একাডেমি ছবি তিনটির উদ্বোধনী প্রদর্শনীর আয়োজন করে। এখানে তথ্যমন্ত্রী গণমাধ্যমে শিশু-কিশোরদের অংশগ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।
এই কোর্সের সামগ্রিক ব্যবস্থাপনা ও তত্ত্বাবধানে ছিলেন বাংলাদেশ শিশু একাডেমির প্রধান গ্রন্থাগারিক রেজিনা আক্তার। তিনি জানান, গত বছর ডিসেম্বরে বাংলাদেশ শিশু একাডেমি ‘চতুর্থ শিশুতোষ চলচ্চিত্র ও অনুষ্ঠান নির্মাণ কর্মশালা’র আয়োজন করে। এখানে ১২ থেকে ১৬ বছর বয়সী ২১ জন শিশু-কিশোর অংশ নেয়। ১০০ ঘণ্টার এই কর্মশালায় এই শিশুদের চলচ্চিত্র ও অনুষ্ঠান নির্মাণের তত্ত্বীয় ও ব্যবহারিক দিকগুলোর ব্যাপারে ধারণা দেওয়া হয়। কর্মশালার অংশ হিসেবে এই শিশুরা তিনটি দলে ভাগ হয়ে তিনটি ছবি নির্মাণ করেছে। এর মধ্যে আমাদের মতিউর প্রামাণ্যচিত্র আর পম্পি নামের ছেলেটি ও অটুট স্বপ্ন কাহিনিচিত্র। ভবিষ্যতে ছবিগুলো বিটিভিসহ বিভিন্ন টিভি চ্যানেলে প্রচার করা হবে।
রেজিনা আক্তার আরও জানান, ২০০৮ সাল থেকে বাংলাদেশ শিশু একাডেমি শিশুদের সৃষ্টিশীল কর্মকাণ্ডে উৎসাহ দেওয়ার জন্য এই কর্মশালা পরিচালনা করছে।