নির্মাতা রাজের বাসায় চুরি
নির্মাতা মোস্তফা কামাল রাজের বাসায় দুর্ধর্ষ এক চুরির ঘটনা ঘটেছে। গতশনিবার রাতে রাজের উত্তরার ৪ নম্বর সেক্টরের বাসায় এই চুরির ঘটনা ঘটে।রাত আনুমানিক ১১টার দিকে চোর দোতলা বাসার বারান্দার গ্রিল ভেঙে রান্নাঘর দিয়ে বাসার ভেতরে ঢোকে। এ সময় মোস্তফা কামাল বাসায় ছিলেন না। এই সুযোগে চোর ড্রয়ার ভেঙে দুই লাখ ছয় হাজার টাকা, একটি ল্যাপটপ, দুই ভরি স্বর্ণালংকার, বাসার ব্যবহার্য কাপড়চোপড়সহ অনেক কিছু চুরি করে নিয়ে যায়।মোস্তফা কামাল জানান, তিনি দুপুরের পরে নাটকের সম্পাদনার কাজে বাসা থেকে বাইরে গিয়েছিলেন। রাত ১২টায় তিনি বাসায় ফিরে দেখেন ভেতর থেকে দরজা বন্ধ। পরে সন্দেহ হলে তিনি দরজা ভেঙে ভেতরে ঢুকে দেখেন তাঁর ঘরের মূল্যবান প্রায় সবকিছুই চুরি হয়ে গেছে। এ ব্যাপারে তিনি বাদী হয়ে উত্তরা মডেল থানায় দুজন নিরাপত্তাকর্মীকে আসামি করে মামলা করেছেন। ইতিমধ্যেই উত্তরা মডেল থানার পুলিশ মামলার এজাহারভুক্ত আসামি রেজাউল করিম ও আইয়ুব আলী নামের দুজনকে গ্রেপ্তার করেছে।