নির্মাতা হিসেবে চ্যালেঞ্জটা বেশি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নির্মাতাদের কলাম এটি। প্রতি আনন্দে একজন নির্মাতা বলবেন এই জগৎ নিয়ে তাঁর ভাবনার কথা
মাসুদ হাসান উজ্জ্বল
মাসুদ হাসান উজ্জ্বল

‘সিনেমা’ শব্দটা উচ্চারিত হলেই আমি একধরনের ডিলেমার মধ্যে পড়ে যাই। ‘চলচ্চিত্র জীবনের কথা বলে’—এই কথাটি সেই ডিলেমাকে আরও কয়েক গুণ বাড়িয়ে দেয়। উত্তর খুঁজে খাবি খাই—‘সেই কথাটি আসলে কী, যা জীবনকে অনুবাদ করে!’ আমার একবার সুযোগ হয়েছিল পশ্চিমবঙ্গের জনপ্রিয় কথাসাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের সঙ্গে একান্ত সাক্ষাতের। আমি জানতে চেয়েছিলাম, ‘আপনি লেখার উপাত্ত কোথা থেকে সংগ্রহ করেন?’ তিনি বলেছিলেন, ‘আমার চারপাশ, আমার চারপাশে যা ঘটে, আমার ঝুলিতে যে অভিজ্ঞতা সঞ্চিত হয় সেখান থেকেই আমি লিখি।’ জানতে চাইলাম, ‘আপনি যা দেখেন তা-ই লেখেন?’ তিনি হেসে উত্তর দিলেন, ‘চোখের সামনে যা ঘটে সেটা হুবহু লিখে ফেলা তো প্রতিবেদকের কাজ, আমি তো লেখক! আমার সামনে যা ঘটে তা আমি তৎক্ষণাৎ লিখতে বসে যাই না, যত্ন করে জমিয়ে রেখে মজিয়ে নিই, তারপর লিখি! তখন অভিজ্ঞতার সঙ্গে ফিকশনটা যুক্ত হয়।’ এই উত্তরটি আমাকে সন্তুষ্ট করে।
এখান থেকেই সাধারণ দর্শক বা পাঠকের সঙ্গে একজন সাহিত্যিক বা চলচ্চিত্রকারের দেখার পার্থক্যটা শুরু হয়। সবার দেখা আর চলচ্চিত্র নির্মাতার দেখা এক হলে চলে না! দর্শক যখন একটা দৃশ্য দেখে হাততালি দিয়ে বলে, ‘ইশ! একদম আমার মনের কথাটা বলেছে’—নির্মাতা হিসেবে আমি হতাশ বোধ করি। কারণ, সজ্ঞানে দর্শকের মনের কথাটি আমি অন্তত বলতে চাইনি! আমি চেয়েছি আমার দৃষ্টিভঙ্গিটি, যা দর্শকের সুপ্ত কল্পনায়ও খেলা করেনি, সেটি দিয়ে দর্শকের সঙ্গে সংযোগ স্থাপন করতে। দর্শকের মাথার ওপর দিয়ে গেলে আমি নিজেকে অকৃতকার্যই ধরব। এখানে নির্মাতা হিসেবে চ্যালেঞ্জটা অনেক বেশি। উত্তেজনাও বহুগুণ বেশি! দুঃখের বিষয়, বিশ্ব চলচ্চিত্রে এ-জাতীয় ঝুঁকি নেওয়া নির্মাতার সংখ্যা খুবই সীমিত! চলচ্চিত্রে অনেক অর্থলগ্নির ব্যাপার থাকে, এই ঝুঁকিটা সচরাচর কেউ নিতে চান না! যে কারণে নস্টালজিয়া, মিরর, বার্ডস, ব্রেথলেস, পারফিউম বা হালের বার্ডম্যান-এর মতো ছবি বিশ্ব চলচ্চিত্রে খুব একটা বেশি পাই না! এই একই কারণে চলচ্চিত্র একটি শিল্পমাধ্যম হওয়া সত্ত্বেও, সাহিত্যর মতো সর্বাংশে অসীম এবং গভীর হতে পারল না!

একজন নির্মাতা হিসেবে আমার আরেক ডিলেমার নাম ‘বিনোদন’। বিনোদনের প্রকারভেদ এবং বিনোদন আসলে কাকে বলে এই ভাবনারই যথোপযুক্ত উত্তর আজও আমি খুঁজে পেলাম না! আরে শিক্ষিত সমাজ কী দেখে, কী তার রুচি, তা তো জানা আছে! কেউ ভাবল না বা এই দায়িত্বটুকু বোধ করল না, মানুষের রুচির উন্নয়নের জন্য কাজ করার দরকার আছে। একটা অনগ্রসর আর অগভীর জাতিকে তুষ্ট করতে গিয়ে তার নিম্ন রুচিতে নিজেই বিলীন হয়ে গেলে তো কাজের কাজ কিছুই হলো না!