নির্যাতিত নারীর তথ্যচিত্র ‘ইস্পাতের কান্না’
আধুনিক সমাজ ব্যবস্থায় এখনও ঘরে-বাইরে নানাভাবে নির্যাতিত হচ্ছেন নারীরা। এসিড সন্ত্রাসের মতো ঘৃণ্য অপরাধের নির্মম শিকার হয়েও তাঁরা বাঁচার স্বপ্ন দেখেন। রাজধানীর কয়েকটি বস্তি ও পুনর্বাসন কেন্দ্রের এমন কয়েকজন নির্যাতিত নারীর জীবন নিয়ে নির্মিত হচ্ছে তথ্যচিত্র ‘ইস্পাতের কান্না’। ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশের (ইউল্যাব) গণমাধ্যম ও সাংবাদিকতা বিভাগের একদল শিক্ষার্থী এ তথ্যচিত্র নির্মাণ করছেন। এটি নির্মিত হচ্ছে ইউল্যাবের সিনিয়র লেকচারার ও তথ্যচিত্র নির্মাতা সাজ্জাদ হোসেনের তত্ত্বাবধানে। ‘ইস্পাতের কান্না’ তথ্যচিত্র সম্পর্কে সাজ্জাদ হোসেন জানিয়েছেন, ‘বস্তিতে নারীরা কেন নির্যাতিত হচ্ছেন এবং এসিড সন্ত্রাসের শিকার নারীরা কীভাবে নানা পেশায় যুক্ত হয়ে নিজেদের ব্যক্তিসত্তাকে নতুনভাবে আবিষ্কার করছেন তা তথ্যচিত্রটিতে তুলে ধরা হচ্ছে। চলতি মাসেই ‘ইস্পাতের কান্না’র কাজ শেষ হবে।’ নির্মাতা সূত্রে জানা গেছে, এরই মধ্যে মিরপুর ও কল্যাণপুরের কয়েকটি বস্তি ও পুনর্বাসন কেন্দ্রে তথ্যচিত্রটির চিত্রধারণের কাজ সম্পন্ন হয়েছে। এখন চলছে সম্পাদনার কাজ। বেসরকারি উন্নয়ন সংস্থা তরঙ্গের সহযোগিতায় নির্মিতব্য এ তথ্যচিত্রটি দেশের বিভিন্ন স্থানে প্রদর্শনীসহ কয়েকটি বেসরকারি টেলিভিশন চ্যানেলেও প্রচারিত হবে।