নিলামে উঠছে গ্রেটা গার্বোর স্মৃতিসামগ্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হলিউডের কিংবদন্তি অভিনেত্রী গ্রেটা গার্বোর স্মৃতিবাহী বেশ কিছু সামগ্রী নিলামে তোলার পরিকল্পনা করেছে জুলিয়েন’স অকশনস। আগামী ১৪ ও ১৫ ডিসেম্বর লস অ্যাঞ্জেলেসের কাছে সাগরে ভাসমান ‘কুইন মেরি ২’ জাহাজে এ নিলাম অনুষ্ঠিত হবে। নিলামে উঠতে যাচ্ছে গার্বোর ব্যবহূত পোশাক, স্কার্ফ, ছাতা, সিগারেটহোল্ডার, ছাইদানি, আসবাবপত্রসহ নানা সামগ্রী। নিউইয়র্ক টেলিফোন কোম্পানিকে দেওয়া গার্বোর স্বাক্ষরিত একটি চেকও ঠাঁই পাবে এ নিলামে। সম্প্রতি এক খবরে এমনটিই জানিয়েছে ‘নিউইয়র্ক পোস্ট’। সুইডেনের স্টকহোমে ১৯০৫ সালের ১৮ সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন গ্রেটা লোভিসা গুস্তাফসন। ১৯২০ সালে বিজ্ঞাপনচিত্রে অভিনয়ের মাধ্যমে কিশোরী গ্রেটা গার্বো বিনোদনজগতে যাত্রা করেন। দুই বছর বাদে মুক্তি পায় তাঁর অভিনীত প্রথম চলচ্চিত্র ‘পিটার দ্য ট্রাম্প’। ১৯২৬ সালের ২১ ফেব্রুয়ারি মুক্তি পাওয়া ‘টরেন্ট’ ছবির মাধ্যমে হলিউডে অভিষেক হয় গ্রেটা গার্বোর। একই বছর মুক্তি পায় তাঁর অভিনীত ‘দ্য টেম্পট্রেস’ ও ‘ফ্লেশ অ্যান্ড দ্য ডেভিল’। ‘ফ্লেশ অ্যান্ড দ্য ডেভিল’ ছবির মাধ্যমে গ্রেটা গার্বো আন্তর্জাতিক তারকাখ্যাতি পান। নির্বাক চলচ্চিত্র থেকে শুরু করে ১৯৪০ সাল পর্যন্ত বিশ্বব্যাপী চলচ্চিত্রপ্রেমীদের কাছে স্বপ্নের দেবী ছিলেন গ্রেটা গার্বো। কিন্তু মাত্র ৩৬ বছর বয়সে তিনি খ্যাতির শীর্ষে অবস্থানকালে হঠাত্ করেই চলচ্চিত্র থেকে বিদায় নিয়ে সবার আড়ালে চলে যান। তাঁর অভিনীত সর্বশেষ ছবি ‘টু ফেসড ওম্যান’ মুক্তি পেয়েছিল ১৯৪১ সালে। পরবর্তী সময়ে চলচ্চিত্রে অনেক প্রস্তাব পেলেও ইতিবাচক সাড়া মেলেনি গার্বোর কাছ থেকে। বিনোদনজগতের চাকচিক্য থেকে দূরে সরে গিয়ে নির্ঝঞ্ঝাট আটপৌরে এক জীবনই বেছে নেন তিনি। সহ-অভিনেতা জন গিলবার্টের সঙ্গে প্রণয়ে জড়িয়েছিলেন গ্রেটা গার্বো। সুইডিশ নির্মাতা মরিস স্টিলার তিল তিল করে গড়ে তুলেছিলেন গার্বোকে। তিনিই গার্বোকে হলিউডে নিয়ে এসেছিলেন। গিলবার্টের সঙ্গে গার্বোর প্রেমের খবর জানার পর লস অ্যাঞ্জেলেস ছেড়ে সুইডেনের স্টকহোমে চলে যান স্টিলার। কিছুদিন পর তিনি সেখানকার একটি হাসপাতালে মারা যান। সম্ভবত, এ কারণেই গ্রেটা গার্বো নীরবে বিদায় নিয়ে সঙ্গী করেছিলেন নির্জনতাকে। জীবনে কাউকে স্বামী হিসেবে বেছে নেননি তিনি। একাধিকবার প্রেমে জড়িয়েও কাউকে বিয়ে করতে রাজি হননি। এ প্রসঙ্গে তিনি বরাবর একটা কথাই বলেছেন, ‘নিঃসঙ্গ জীবন যত কষ্টকর হোক না কেন, আমার কাছে তা অত্যন্ত মধুময়।’ সব মিলিয়ে ২৮টি ছবিতে অভিনয় করেছিলেন গ্রেটা গার্বো। তাঁর অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্রের মধ্যে রয়েছে ‘দ্য ডিভাইন ওম্যান’, ‘দ্য মিস্টেরিয়াস লেডি’, ‘অ্যানা ক্রিস্টি’, ‘রোমান্স’, ‘গ্র্যান্ড হোটেল’, ‘কুইন ক্রিস্টিনা’, ‘অ্যানা কারেনিনা’, ‘ক্যামিলি’ ইত্যাদি। কাজের স্বীকৃতি হিসেবে চারবার অস্কার মনোনয়ন পেয়েছেন গ্রেটা গার্বো। ১৯৫৪ সালে তিনি সম্মানসূচক অস্কার পান। তাঁর ঝুলিতে অন্যান্য পুরস্কারের মধ্যে রয়েছে, নিউইয়র্ক ফিল্ম ক্রিটিকস সার্কেল অ্যাওয়ার্ড, দ্য সুইডিশ রয়্যাল মেডেল, দ্য জর্জ ইস্টম্যান অ্যাওয়ার্ড প্রভৃতি। নিউমোনিয়া ও কিডনি রোগে আক্রান্ত হয়ে ১৯৯০ সালের ১৫ এপ্রিল নিউইয়র্কের একটি হাসপাতালে মারা যান গ্রেটা গার্বো। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৪ বছর।