নিলামে ব্যাটম্যানের গাড়ির দাম ৪২ লাখ ডলার!
ষাটের দশকের তুমুল জনপ্রিয় ‘ব্যাটম্যান’ টেলিভিশন সিরিজে নাম ভূমিকায় অভিনয় করেছিলেন মার্কিন অভিনেতা অ্যাডাম ওয়েস্ট। আর ব্যাটম্যানের সহযোগী ‘রবিন’ চরিত্রে দেখা গিয়েছিল বার্ট ওয়ার্ডকে। দুই আসনবিশিষ্ট কালো রঙের অদ্ভুত ‘ব্যাটমোবাইল’ গাড়িতে চেপে তাঁরা দুর্দান্ত সব কর্মকাণ্ড করতেন। টিভির পর্দায় তা দেখে মুগ্ধ হতো দর্শক। সম্প্রতি এক নিলামে সেই গাড়ির দাম উঠেছে ৪২ লাখ মার্কিন ডলার।যুক্তরাষ্ট্রের অ্যারিজোনায় আয়োজিত নিলাম থেকে ১৯ জানুয়ারি শনিবার বিপুল অঙ্কের অর্থ খরচ করে গাড়িটি কিনে নিয়েছেন ৫৬ বছর বয়সী রিক শ্যাম্পেইন। নিলামের আয়োজন করেছিল দ্য ব্যারেট-জ্যাকসন অকশন কোম্পানি। এক খবরে এমন তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। গাড়িটি কিনতে পেরে দারুণ খুশি রিক। রয়টার্সকে দেওয়া সাক্ষাত্কারে তিনি বলেন, ‘টিভি সিরিজ “ব্যাটম্যান” খুবই ভালো লাগত আমার। ব্যাটম্যানের ব্যবহূত গাড়ি নিলামে বিক্রির খবর জানার সঙ্গে সঙ্গে সেটা কিনে ফেলার সিদ্ধান্ত নিই। শেষ পর্যন্ত গাড়িটির মালিকানা পেয়ে স্বপ্ন সত্যি হয়েছে আমার।’ ফোর্ড মোটর কোম্পানি ১৯৫৫ সালে লিংকন ফিউচুরা মডেলের গাড়ি তৈরি করেছিল। ১৯৬৫ সালে নামমাত্র মূল্যে গাড়িটি কিনে নেন জর্জ ব্যারিস। গাড়িটির প্রকৃত মূল্য আড়াই লাখ ডলার হলেও তিনি সেটি কিনেছিলেন মাত্র এক ডলারে। পরে ১৫ দিন খেটে এবং ১৫ হাজার ডলার খরচ করে ‘ব্যাটম্যান’ টিভি সিরিজের জন্য লিংকন ফিউচুরাকে ‘ব্যাটমোবাইল’-এ রূপান্তর করেন জর্জ ব্যারিস।