নিলামে শাহরুখ-দীপিকার পোশাক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘চেন্নাই এক্সপ্রেস’ ছবির পোস্টারে শাহরুখ-দীপিকা
‘চেন্নাই এক্সপ্রেস’ ছবির পোস্টারে শাহরুখ-দীপিকা

নিলামে উঠতে যাচ্ছে বলিউডের অন্যতম জনপ্রিয় দুই তারকা শাহরুখ খান ও দীপিকা পাড়ুকোনের পরনের পোশাক। মুক্তি প্রতীক্ষিত ‘চেন্নাই এক্সপ্রেস’ ছবিতে জুটি বেঁধেছেন শাহরুখ-দীপিকা। ছবিটিতে তাঁরা যেসব পোশাক পরে অভিনয় করেছেন, তার কয়েকটি নিলামে তোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নিলাম থেকে আয়ের সব অর্থ দাতব্য কাজে ব্যয় করা হবে।

‘চেন্নাই এক্সপ্রেস’ ছবির ট্রেইলরে ভিন্নধর্মী পোশাকে দেখা গেছে শাহরুখ ও দীপিকাকে। যেমন, ছবিটিতে লুঙ্গি আর শার্ট পরে অভিনয় করেছেন দীপিকা। তাঁর এমন রূপ আগে কখনোই দেখা যায়নি। এ ছাড়া ছবির পোস্টারে হলুদ শার্ট ও সাদা লুঙ্গিতে শাহরুখকে বেশ অদ্ভুতই লেগেছে।

‘চেন্নাই এক্সপ্রেস’ ছবিতে শাহরুখ-দীপিকার এমন অদ্ভুত বেশভূষা ভালোই সাড়া ফেলেছে চারদিকে। বিষয়টি বিবেচনায় নিয়ে ছবিটিতে ব্যবহূত তাঁদের কয়েকটি পোশাক নিলামে তোলার সিদ্ধান্ত নিয়েছেন ছবিটির নির্মাতারা। ঘনিষ্ঠ সূত্রের বরাতে সম্প্রতি এক খবরে এ তথ্য জানিয়েছে ‘ওয়ান ইন্ডিয়া’।

‘গোলমাল’খ্যাত বলিউডের চলচ্চিত্র নির্মাতা রোহিত শেঠির পরিচালনায় ‘চেন্নাই এক্সপ্রেস’ ছবিটি মুক্তি পাচ্ছে আগামী ৯ আগস্ট। রেড চিলিস এন্টারটেইনমেন্টের ব্যানারে অ্যাকশন-কমেডি ঘরানার ছবিটি যৌথভাবে প্রযোজনা করেছেন শাহরুখপত্নী গৌরী খান। ছবিটির অন্য দুই প্রযোজক হলেন সিদ্ধার্থ রয় কাপুর ও রনি স্ক্রুওয়ালা। ছবিটির পরিবেশক সংস্থা ইউটিভি মোশন পিকচার্স।