নিলামে শাহরুখের ‘যব তক হ্যায় জান’ গিটার
শাহরুখ খান ক্যাটরিনা কাইফ অভিনীত ‘যব তক হ্যায় জান’-এর ‘ছাল্লা’ গানটি মুক্তির পরপরই দারুণ জনপ্রিয়তা পেয়েছিল। প্রয়াত যশ চোপড়ার সর্বশেষ এ ছবির গানটির সঙ্গে ঠোঁট মেলানোর পাশাপাশি যে গিটারটি বাজিয়ে অভিনয় করেছিলেন শাহরুখ খান. সম্প্রতি সেই গিটারটি নিলামে তোলার উদ্যোগ নিয়েছে যশ রাজ ফিল্মস। যুক্তরাষ্ট্রের অনলাইনভিত্তিক নিলাম আয়োজনকারী প্রতিষ্ঠান ইবে থেকে আগ্রহীরা গিটারটি কিনতে পারবেন।অরুণিম নামের একটি এনজিও এবং যশরাজ ফিল্মস যৌথভাবে এই নিলামের উদ্যোগ নিয়েছে। গিটারটির মূল্য ধরা হয়েছে আট লাখ ভারতীয় রুপি। এ নিলাম থেকে অর্জিত আয়ের পুরোটাই দাতব্য কাজে ব্যয় করা হবে। এরমধ্যেই নিলাম থেকে প্রাপ্ত টাকা প্রতিবন্ধী মানুষদের কল্যাণে ব্যয়ের অঙ্গীকার করেছে অরুণিম। সম্প্রতি এক খবরে এমনটিই জানিয়েছে ওয়ান ইন্ডিয়া। প্রসঙ্গত, ‘যব তক হ্যায় জান’ ছবির গানের অ্যালবাম প্রকাশ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে ‘ছাল্লা’ গানটি নিয়ে রীতিমতো বাগ্যুদ্ধে জড়িয়ে পড়েছিলেন ছবির দুই শিল্পী শাহরুখ ও ক্যাটরিনা। গানটিতে শাহরুখের গিটার বাজানোর দৃশ্যের সমালোচনা করে ক্যাটরিনা বলেছিলেন, ‘গিটার বাজানোর দৃশ্যটি মোটেও বাস্তবসম্মত ভাবে ফুটিয়ে তুলতে পারেননি শাহরুখ। গিটারের তারে তিনি যেভাবে আঙুল চালিয়েছেন, সেটা দেখে মেকি বলেই মনে হয়েছে আমার। দৃশ্যটিকে বিশ্বাসযোগ্য করে তোলার জন্য শাহরুখ অল্প-বিস্তর গিটার বাজানো শিখতে পারতেন। কিন্তু সেটা না করে স্রেফ গিটার হাতে নিয়ে ক্যামেরার সামনে দাঁড়িয়েছেন তিনি। ওই গানের দৃশ্যটিতে তাঁকে যেভাবে গিটার ধরতে দেখা গেছে, তাতে স্পষ্ট বোঝা যায় যে গিটার বাজানো সম্পর্কে তাঁর কোনো ধারণাই নেই।’ ক্যাটরিনার এমন ধারালো সমালোচনার পাল্টা জবাবে শাহরুখ বলেছিলেন, ‘গতানুগতিক ধারার অভিনয়শিল্পীর মতো আচরণ বন্ধ করা উচিত ক্যাটরিনার। মেরে ব্রাদার কি দুলহান ছবির একটি গানে তাঁকেও আমি গিটার বাজাতে দেখেছি। সেখানে সে যে খুব বিশ্বাসযোগ্যভাবে গিটার বাজিয়েছে, তা কিন্তু নয়।’ এর প্রেক্ষিতে ক্যাটরিনার মন্তব্য ছিল, ‘অন্তত শাহরুখের চেয়ে অনেক বেশি প্রাণবন্ত ছিল আমার গিটার বাজানোর দৃশ্য।’