নিশাত ও ওয়াসফিয়াকে সংবর্ধনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বর্ষার বৃষ্টিভেজা সন্ধ্যায় এভারেস্টজয়ী দুই নারীকে সংবর্ধনা জানাল মুক্তিযুদ্ধ জাদুঘর। অদম্য সাহসী নারী নিশাত মজুমদার ও ওয়াসফিয়া নাজরীনকে গতকাল বৃহস্পতিবার জননী সাহসিকা সুফিয়া কামাল ও শহীদজননী জাহানারা ইমামের প্রতি শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানে সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানে ভারতীয় হাইকমিশনারের ফার্স্ট সেক্রেটারি মৃণালী শ্রীবাস্তব শুভেচ্ছা উপহার তুলে দেন এই দুই অদম্য নারীর হাতে।অনুষ্ঠানে নিশাত মজুমদার তাঁর বক্তব্যে বলেন, ‘আমার স্বপ্নের চেয়েও বড়, আমার চিন্তার থেকেও বেশি পেলাম আজ। একজন মেয়ে-ছেলের পার্থক্য না করে আমরা বাংলাদেশি, আমরা পেরেছি—এইটাই বড় বিষয়।’ওয়াসফিয়া নাজরীন অশ্রুসিক্ত নয়নে বলেন, ‘আমি ভাবিনি আজ এত বড় উপহার পাব।’ তিনি বলেন, ‘যাঁদের জীবনের প্রেরণা ভেবেছি, তাঁরা সুফিয়া কামাল ও শহীদজননী জাহানারা ইমাম। তাঁদের প্রতি শ্রদ্ধা।’ তিনি আরও বলেন, ‘আমরা মেয়েরা বিরূপ আবহাওয়ার সঙ্গে যুদ্ধ করতে পারি জন্মগতভাবেই।’ পরবর্তী তিনটি মহাদেশের সর্বোচ্চ পর্বতশৃঙ্গে অভিযানে সফল হওয়ার দোয়া প্রার্থনা করেন তিনি। অনুষ্ঠানে ওয়াসফিয়া নাজরীন তাঁর অভিযানের সময় এভারেস্টের বেসক্যাম্পে ওড়ানো লাল-সবুজ পতাকাটি তুলে দেন মুক্তিযুদ্ধ জাদুঘরের অন্যতম ট্রাস্টি মুফিদুল হকের হাতে। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি সারওয়ার আলী। বক্তব্য দেন আক্কু চৌধুরী। তিনি বলেন, ‘বাংলাদেশের গর্ব এই দুই নারী—সুফিয়া কামাল ও জাহানারা ইমামের স্বপ্নের বাংলাদেশ আজ আমরা পেয়েছি।’ শারমিন সাথী ইসলামের সংগীত পরিবেশনার মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানে সুফিয়া কামালের কবিতার দলীয় আবৃত্তি পরিবেশন করে স্বনন আবৃত্তিচর্চা কেন্দ্র। জাহানারা ইমামের একাত্তরের চিঠি থেকে কথা আবৃত্তিচর্চা কেন্দ্র আবৃত্তি করে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুলতানা কামালসহ আরও অনেকে।কচি-কাঁচার মেলাএভারেস্ট বিজয়ী দেশের দুই নারী পর্বতারোহী নিশাত মজুমদার ও ওয়াসফিয়া নাজরীনকে আনুষ্ঠানিক সম্মাননা দিয়েছে শিশু-কিশোর সংগঠন কচি-কাঁচার মেলা। গতকাল শুক্রবার সকালে সেগুনবাগিচার কচি-কাঁচা ভবনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।অনুষ্ঠানে মেলার পরিচালক ইব্রাহিম খালেদ দেশের জন্য সম্মান বয়ে আনায় এই দুই নারী এভারেস্ট বিজয়ীকে অভিনন্দন জানান। তিনি তাঁদের উত্তরীয় পরিয়ে দেন। এ ছাড়া তাঁদের ক্রেস্ট ও সম্মাননা প্রদান করা হয়।অনুষ্ঠানে নিশাত মজুমদার ও ওয়াসফিয়া নাজরীন শিশু-কিশোরদের কাছে তাঁদের এভারেস্ট অভিযানের অভিজ্ঞতা বর্ণনা করেন। তাঁরা শিশু-কিশোরদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।দ্বিতীয় পর্বে ছিল মেলার শিশু-কিশোরদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান।