নিষিদ্ধ চলচ্চিত্রের প্রদর্শনী!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অশ্লীল দৃশ্য থাকার অভিযোগে নিষিদ্ধ চলচ্চিত্রগুলো প্রেক্ষাগৃহে প্রদর্শন করা হচ্ছে। দেশের বিভিন্ন জেলা ও থানা শহরের প্রেক্ষাগৃহগুলোতে সেন্সর বোর্ড থেকে নিষিদ্ধ ছবি প্রদর্শনের অভিযোগ পাওয়া গেছে।জানা গেছে, সেন্সর বোর্ড গত বছর শেয়ানে শেয়ানে টক্কর ছবিটি সাময়িকভাবে নিষিদ্ধ করে। গত সপ্তাহে এই ছবিটি প্রেক্ষাগৃহে প্রদর্শন করা হয়। এই অভিযোগ পাওয়ার পর দ্রুত ব্যবস্থা নিতে দেশের বিভিন্ন জেলার পুলিশ সুপারদের চিঠি দিয়েছে সেন্সর বোর্ড। এরপর নারায়ণগঞ্জের সোনারগাঁ থানার হীরামহল প্রেক্ষাগৃহ থেকে শেয়ানে শেয়ানে টক্কর ছবির প্রিন্ট জব্দ করে পুলিশ। অন্যদিকে অশ্লীলতার দায়ে প্রায় চার মাস আগে সেন্সর বোর্ড ভয়াবহ ছবিকে প্রদর্শনের অনুপযোগী ঘোষণা করে সাময়িকভাবে নিষিদ্ধ করে। এই ছবিটিও বিভিন্ন জেলা শহরে প্রদর্শন করার অভিযোগ পাওয়া গেছে।জানা গেছে, এসব প্রেক্ষাগৃহের বাইরে আপত্তিকর দৃশ্যের পোস্টারও প্রদর্শন করা হচ্ছে। প্রযোজক খোরশেদ আলম বললেন, ‘অশ্লীল দৃশ্যের ছবির প্রদর্শনের কারণে আমরা যাঁরা সুস্থধারার বিনোদনমূলক ছবি তৈরি করছি, তাঁরা বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছি।’অশ্লীল ছবির বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য চলচ্চিত্র প্রযোজক-পরিবেশক সমিতি জরুরি বৈঠক করেছে। এই সভায় সমিতির নেতারা বেশ কিছু কার্যক্রম হাতে নিয়েছেন।সেন্সর বোর্ডের ভাইস চেয়ারম্যান সুরথ কুমার নাথ বলেছেন, ‘অশ্লীল দৃশ্যের ছবির পাশাপাশি নিষিদ্ধ ছবিগুলোর প্রদর্শনের অভিযোগ পাওয়ামাত্রই আমরা পুলিশকে ব্যবস্থা নেওয়ার জন্য চিঠি দিয়েছি। এরই মধ্যে কিছু ইতিবাচক ফলও পেয়েছি। আশা করছি, শিগগিরই আরও কিছু পদক্ষেপ নেওয়া হবে এবং অশ্লীল ছবির প্রদর্শনী বন্ধ হবে। নিষিদ্ধ ছবি প্রদর্শন করা গুরুতর অপরাধ। এই অপরাধের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।’