নিষিদ্ধ নয়, চূড়ান্ত বিচারের ভার দর্শকদের হাতে দেওয়ার আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘মেহেরজান ছবিকে নিষিদ্ধ নয়, এর চূড়ান্ত বিচারের ভার দর্শকদের হাতে দিতে হবে।’ মেহেরজান ছবি নিয়ে গতকাল মঙ্গলবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে আয়োজিত এক গোলটেবিল বৈঠকে এমনই অভিমত দেন চলচ্চিত্রনির্মাতা, গবেষক, সমালোচক, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও চলচ্চিত্র-কর্মীরা। সম্প্রতি মুক্তি পাওয়া এই ছবিটি নিয়ে বিশ্লেষণ ও পর্যালোচনার জন্য গোলটেবিল বৈঠকের আয়োজন করে ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদ, ম্যুভিয়ানা ফিল্ম সোসাইটি, ঢাকা চলচ্চিত্র সভা ও জহির রায়হান চলচ্চিত্র সংসদ।বৈঠকের মূল আলোচক ছিলেন মোরশেদুল ইসলাম, সলিমুল্লাহ খান, সারোয়ার জাহান খান ও ফাহমিদুল হক। বক্তব্য দেন মানজারে হাসিন মুরাদ, জাহিদুর রহিম অঞ্জন, অদিতি ফাল্গুনী, জহিরুল ইসলাম, সাব্বির চৌধুরী, সব্যসাচী হাজরা, রিপন কুমার দাস, জাঈদ আজিজ ও জোবায়দা নাসরীন। সঞ্চালক ছিলেন বেলায়েত হোসেন। বৈঠকে অনেক বক্তা ছবিটির দৃষ্টিভঙ্গি নিয়ে প্রশ্ন তোলেন। তাঁদের মতে, ছবির গল্প মুক্তিযুদ্ধের চেতনাবিরোধী। পাশাপাশি ছবিতে মুক্তিযোদ্ধাদের হেয় প্রতিপন্ন করা হয়েছে। এর সঙ্গে বাস্তবের কোনো সম্পর্ক নেই। আর নির্মাণশৈলীও তেমন মানসম্পন্ন নয়। বক্তাদের কয়েকজন বলেন, নানা কারণে একটি ছবি নিষিদ্ধ হতে পারে। কিন্তু এর মধ্য দিয়ে ছবিটির ব্যাপারে সবার একধরনের আকর্ষণ তৈরি হয়। তাই নিষিদ্ধ নয়, ছবিটি দর্শকদের দেখতে দেওয়া উচিত। আর তা দেখে দর্শকেরাই এর গ্রহণযোগ্যতা নির্ধারণ করবে। ২১ জানুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি পায় মেহেরজান। ছবিটি পরিচালনা করেছেন রুবাইয়াত হোসেন। মাত্র এক সপ্তাহ পরই ছবিটির পরিবেশক প্রতিষ্ঠান আশীর্বাদ চলচ্চিত্র প্রেক্ষাগৃহ থেকে ছবিটি নামিয়ে নেয়। তখন এর প্রতিবাদ করেন ছবিটির পরিচালক।