নিষিদ্ধ ফলের ফল: কুহক জাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুহক জাল নাটকের দৃশ্য
কুহক জাল নাটকের দৃশ্য

জীবন মানেই মায়াজালে আবর্তন আর এই পরিক্রমার শুরু সম্ভবত সৃষ্টিকর্তার নিষেধাজ্ঞা অমান্য করে নিষিদ্ধ ফল ভক্ষণের শাস্তি স্বরূপ স্বর্গরাজ্যচ্যুত হয়ে ঈর্ষা, লোভ, প্রতারণা, অসম (সামাজিক ও ধর্মীয়) প্রেমের পরিণতি, বস্তুবাদিতা, অবক্ষয়, ধর্মীয় ভণ্ডামি এবং এমন বহুমাত্রিক অনিষ্টকর ফাঁদপাতা এই বিশ্বে অবতীর্ণ হওয়ার পর থেকেই। এমন বিষয় ও ঘটনা সমন্বয়ে যে নাটক রচিত, তার মাত্রা যে যথেষ্ট বিস্তৃত হবে সে বিষয়ে কোনো সন্দেহ নেই, ঠিক যেমনটা হয়েছে মাসুম রেজা রচিত এবং ত্রপা মজুমদার নির্দেশিত থিয়েটারের নতুন প্রযোজনা কুহক জাল-এ।
বিশাল এক ক্যানভাসে মোহ বা কুহকের মাত্রাকে ছুঁতে চেয়েছেন নাট্যকার—প্রেমে ব্যর্থতা থেকে শুরু করে প্রতারণা, ধর্ম ও রাজনীতির ভণ্ডামি, প্রান্তিক জনগোষ্ঠীর (আদিবাসী ও ধর্মীয় সংখ্যালঘু!) অবস্থান, চিরায়ত ধনী-দরিদ্রের টানাপোড়েন এবং সম্ভবত আরও কিছু গুপ্ত সমস্যা, যেমন পরিবেশ—যার সমাধান এই মুহুর্তেও মানব জ্ঞানের অতীত। নির্দেশক হিসেবে তরুণ ত্রপা মজুমদার—যিনি এ পর্যন্ত এককভাবে সর্বমোট তিনটি মঞ্চনাটক (মুক্তি, বারামখানা ও বর্তমান কুহক জাল) নির্দেশনা দিয়েছেন। তিনি যে একটি জটিল চ্যালেঞ্জ হাতে নিয়েছেন, তাতে বিন্দুমাত্র সন্দেহ নেই। এই নাটকে ত্রপার সবচেয়ে শক্তিশালী অবস্থান হলো সর্বমোট ৩১টি চরিত্রকে—সাতজন গ্রামবাসী ও আদিবাসীসহ—পর্যায়ক্রমে নিজ নিজ চারিত্রিক অবস্থােন স্থাপন করা এবং বহুমাত্রিক বিষয়কে তাদের স্বাভাবিক গতিতে সচল রাখা। ফেরদৌসী মজুমদার ও রামেন্দু মজুমদারের চরিত্র চিত্রণ ব্যতিরেকে সম্ভাবনাময় অভিনয়ের দাবিদার অবশ্যই অনেকে রয়েছেন, যাঁদের মধ্যে অধিকতর ঔজ্জ্বল্য লক্ষ করা গেছে তোফা হোসেন, রাশেদ শাওন, তানভীর আহমেদ, তানজুম আরা পল্লী, সামিয়া মহসীন ও কাওসার রাজীবের মধ্যে।
ত্রপা হোঁচটও খেয়েছেন কিন্তু, সম্ভবত তার কারণ নাটকের বিস্তৃতি, কলাকুশলীদের আপন-আপন ক্ষণিক দুর্বলতা এবং সর্বোপরি পুরো ক্যানভাসটিকে শক্ত হাতে ধরে রাখতে না পারা। তিনি একাধারে মূর্ত ও বিমূর্তকে সমন্বিত করার কঠিন পরীক্ষা দিয়েছেন। অবশ্যই নাটক-নাট্যকার, নির্দেশক, মঞ্চের ও নেপথ্যের কলাকুশলীদের যৌথ মিথস্ত্রিয়ার ফল। এসবের এককালবর্তীকরণ এবং দৃঢ় সংযুক্তকরণ সম্ভব একাধিক মঞ্চায়নের মাধ্যমে। ত্রপার মেধা, অধ্যবসায় ও নান্দনিক উপলব্ধি এই নাটককে আরও বিশুদ্ধ শিল্পকর্ম রূপে দাঁড় করাবে, তাতে কোনো সন্দেহ নেই।
মানতেই হবে, বাংলাদেশে মৌলিক মঞ্চনাটকের অপ্রতুলতা আছে এবং মাসুম রেজা সেই অভাব পূরণের পূর্বদূত। বর্তমান নাটকে দর্শক স্পষ্ট করবেন প্লটের বিস্তৃতি এবং ফান ও ফ্যাক্টের সংমিশ্রণে সংলাপ। তবে স্বীকার করতেই হবে, ভাবনার বিশাল পরিসরের কারণে নাটকের চূড়ান্ত বাণী অনেকটাই আহত ও তরলিত হয়েছে।
সবশেষে বলব, মঞ্চের নেপথ্য কর্মীরা ভালো কাজ করেছেন বিশেষ করে মঞ্চ পরিকল্পনা, ব্যবস্থাপনা, আলোক পরিকল্পনা ও প্রক্ষাপণ, কোরিওগ্রাফি, আবহ সংগীত ও সংগীত অত্যন্ত প্রশংসার্হ। ত্রপা নির্দেশক রূপে স্পষ্টতই বোঝাতে পেরেছেন মঞ্চনাটকের সাফল্যে এসব নেপথ্য কর্মীর ভূমিকা কী। ত্রপা মজুমদার মঞ্চ নির্দেশনায় পরিণত হচ্ছেন, এ কথা নির্দ্বিধায় বলা যায়।