নিষেধাজ্ঞার বেড়াজালে ফের ‘সিকিম’
দীর্ঘ চার দশক পর ফাড়া কাটার সুযোগ এসেছিল সত্যজিৎ রায়ের সিকিম ছবির। কিন্তু শেষ পর্যন্ত তা আবার নিষেধাজ্ঞার বেড়াজালে আটকে গেল। কলকাতা চলচ্চিত্র উৎসবের আয়োজকেরা আগেই জানিয়েছেন, উৎসবে প্রতিদিন ছবিটির একটি করে প্রদর্শনী হবে। বৃহস্পতিবার বেলা দুইটায় ছবিটির প্রথম প্রদর্শনী হয় নন্দন প্রেক্ষাগৃহে। প্রদর্শনীর আনুষ্ঠানিক উদ্বোধন করেন এই ছবির চিত্রগ্রাহক সৌমেন্দু রায়। সিকিমের ‘দ্য আর্ট অ্যান্ড কালচার ট্রাস্ট অব সিকিম’-এর ব্যবস্থাপনা ট্রাস্টি উগেন চপেল দাবি করেন, ছবিটির একমাত্র স্বত্বাধিকারী তাঁরা। ভারত সরকারের কাছ থেকে ছবিটি প্রদর্শনের অনুমতি শুধু এই সংগঠনটিই পেয়েছে। তবে তাঁরা কাউকে এই ছবির প্রদর্শনীর জন্য অনুমতি দেননি। বৃহস্পতিবার এ অভিযোগ তুলে সিকিমের রাজধানী গ্যাংটকের জেলা আদালতে প্রতিষ্ঠানটি একটি মামলা করে। এরপর আদালত ওই ছবির প্রদর্শনীর ওপর নিষেধাজ্ঞা জারি করেন। আদালতের এই আদেশ বিকেলেই পৌঁছে যায় কলকাতায়।১৯৭০ সালে সিকিমের চৌগিয়াল রাজবংশের রাজা পালডেন থোন্ডুপ নামগিয়াল এবং তাঁর মার্কিন স্ত্রী রানী হোপ কুকের অনুরোধে ৫২ মিনিটের ছবিটি তৈরি করেন সত্যজিৎ রায়। তখনো সিকিম ভারতের অঙ্গরাজ্য হিসেবে অন্তর্ভুক্ত হয়নি। ব্রিটিশ-শাষিত দেশ ছিল সিকিম। সিকিম রঙিন ছবি, আর তা তৈরি হয়েছে ইংরেজি ভাষায়। ছবিতে ফুটে উঠেছে সিকিমের নানা প্রাকৃতিক সৌন্দর্য। আছে কাঞ্চনজঙ্ঘা থেকে শুরু করে হিমালয়ের নানা নৈসর্গিক দৃশ্য এবং ৪০ বছর আগের সিকিমের সমাজজীবনের চিত্র। আরও আছে রাজা চৌগিয়ালসহ রাজপরিবারের গল্প আর সিকিমের নববর্ষ উৎসবের রঙিন দিনগুলোর নানা ছবি। ছবিটি তৈরির পর প্রথমেই আপত্তি তোলে সিকিমের তৎকালীন সরকার। নববর্ষের দিনে রাজপরিবারের বৈভবের পাশাপাশি ফুটপাতের এক শিশুর ডাস্টবিন থেকে খাবার তুলে খাওয়ার দৃশ্য পছন্দ হয়নি রাজপরিবারের। অগত্যা ওই ছবি দেখানোর ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়। ওই সময় রাজপরিবার থেকে সত্যজিৎ রায়কে ছবি থেকে ওই বিতর্কিত অংশ বাদ দেওয়ার পরামর্শ দেওয়া হয়। কিন্তু সত্যজিৎ রায় তা প্রত্যাখ্যান করেন। ফলে আটকে থাকে সিকিম।১৯৭৫ সালে সিকিম ভারতের অন্তর্ভুক্ত হওয়ার পর আবারও ছবিটি প্রদর্শনের ব্যাপারে উদ্যোগ নেওয়া হয়। কিন্তু তখন আপত্তি তোলে তৎকালীন ভারত সরকার। তাদের অভিযোগ, সিকিম ছবিতে রাজা চৌগিয়াল ভারত সম্পর্কে আপত্তিকর মন্তব্য করেছেন। এবার নিষেধাজ্ঞা জারি করে ভারত সরকার।এভাবে চলতে চলতে ভারত সরকার শেষ পর্যন্ত রাজার ওই মন্তব্য এবং ডাস্টবিন থেকে শিশুর পরিত্যক্ত খাবার খাওয়ার দৃশ্য বাদ দিয়ে ছবিটি প্রদর্শনের অনুমতি দেয়। আর তা মেনেই পশ্চিমবঙ্গ সরকার এবার কলকাতা চলচ্চিত্র উৎসবে সিকিম ছবিটি দেখানোর ঘোষণা দেয়।একটি সূত্র থেকে জানা গেছে, উৎসবে দেখানোর জন্য ছবিটির প্রিন্টটি নাকি সংগ্রহ করা হয়েছিল চৌগিয়াল রাজার মার্কিন পত্নীর কাছ থেকে।