নিসর্গ আর রাজনীতি হাশেম খানের ক্যানভাসে
একদিকে একতারা হাতে গান গেয়ে বেড়াচ্ছে বাউল, অন্যদিকে দেশকে মুক্ত করার প্রত্যয়ে অস্ত্র হাতে তুলে নিয়েছে নারী-পুরুষ। এই দুই তরঙ্গে যেন দুলছে শিল্পী হাশেম খানের চিত্রকর্ম প্রদর্শনী। তাঁর ছবিগুলোর দিকে তাকালে সহজে শিল্পীর দৃষ্টিকোণ স্পষ্ট হয়ে যায়। চিত্রকর্মে বারবার ধরা দেয় চিরন্তন এক বাংলাদেশ, বাংলাদেশের মানুষ। তাঁর ছবির বিষয় ভিন্ন হয়, কিন্তু সুর এই বাংলাদেশ।বরেণ্য শিল্পী হাশেম খানের একক চিত্রমেলা গতকাল শনিবার থেকে শুরু হয়েছে জাতীয় জাদুঘরের নলিনীকান্ত ভট্টশালী মিলনায়তনে। ‘বিজয়ের ৪০ বছর’ শীর্ষক এ প্রদর্শনীর আনুষ্ঠানিক উদ্বোধন করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। প্রদর্শনীতে স্থান পেয়েছে শিল্পীর আঁকা ৮৩টি শিল্পকর্ম।দীর্ঘ বিরতির পর একক প্রদর্শনীর আয়োজন করলেন হাশেম খান। গতকাল শনিবার প্রদর্শনী উপলক্ষে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানটি শিল্পী-সাহিত্যিক আর চিত্রানুরাগীদের মিলনমেলায় পরিণত হয়। জাদুঘরের প্রধান মিলনায়তনে অনুষ্ঠানের শুরুতে ছিল দেশাত্মবোধক গান। ‘ও আমার দেশের মাটি’, ‘বাংলার মাটি বাংলার জল’—সমবেত কণ্ঠের এ দুটি গান ছিল চিত্রকর্মগুলোর মর্মকথা। শিল্পী বলেন, ‘ছবি আঁকছি সেই ১৯৫৬ সাল থেকে। প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি শিখেছি নিসর্গ, মানুষ, সমাজ, সংস্কৃতি ও রাজনীতি থেকে। আঁকাতেই আমার আনন্দ।’বাংলার মাটি, গন্ধ, রূপ-রস, প্রকৃতি এবং এর সংগ্রামী মানুষের জীবন বারবার স্থান পেয়েছে হাশেম খানের ক্যানভাসে। নদীমাতৃক আবহমান বাংলা, নৌকা, বৈঠা, পাল, জেলে, জাল আর নদীকূলের জীবনকে তিনি এঁকেছেন। তাঁর ছবিতে উজ্জ্বল রঙের ব্যবহার বেশি, রয়েছে সবুজ রঙের প্রাধান্য।প্রদর্শনীর সবচেয়ে বড় ক্যানভাসটির নাম ‘জয় বাংলা: ৭ মার্চ ’৭১-এর ভাষণ: ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান’। অ্যাক্রিলিকে আঁকা এ ছবিতে উঠে এসেছে বঙ্গবন্ধুর সাতই মার্চের ভাষণের আবহ। ছবিতে লাখো মানুষ, পাশে লাল রঙের দ্যুতি, ভাষণের বলিষ্ঠ কথা—ঘরে ঘরে দুর্গ গড়ে তোলো...।হাশেম খান ও তাঁর কাজ সম্পর্কে অর্থমন্ত্রী বলেন, ‘মুক্তিযুদ্ধের চেতনা ও আবহমান বাংলা তাঁর শিল্পকর্মে ভিন্ন এক আবহ সৃষ্টি করে।’হাশেম খান পারভীন ট্রাস্ট এই প্রদর্শনীর আয়োজন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে আরও বক্তব্য দেন শিল্পসমালোচক বোরহানউদ্দিন খান জাহাঙ্গীর, শিল্পী কাইয়ুম চৌধুরী, কবি ও স্থপতি রবিউল হুসাইন, অধ্যাপক মুনতাসীর মামুন, স্থপতি শামসুল ওয়ারেস প্রমুখ। প্রদর্শনী চলবে আগামী ২ জানুয়ারি পর্যন্ত।কলিম শরাফী স্মরণ ছায়ানটেগায়কের কণ্ঠ যখন অতি উচ্চমানের হয়, তখন তাঁকে কেন্দ্র করে একটি সংস্কৃতি গড়ে ওঠে। কলিম শরাফী ছিলেন সেই মানের গায়ক। এই শিল্পীকে ধরে রাখার জন্য তাঁর গাওয়া গানগুলো সংরক্ষণ করা প্রয়োজন ছিল। কিন্তু সেভাবে তা করা হয়নি।গতকাল শনিবার ছায়ানট সংস্কৃতি-ভবনে প্রখ্যাত রবীন্দ্রসংগীতশিল্পী ও সংগঠক কলিম শরাফীর প্রয়াণে জাতীয় রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদ আয়োজিত স্মরণসভায় বক্তারা এ কথা বলেন। ঘরোয়াভাবে কিন্তু হূদয়ের গভীর থেকে আলোচনা, গান, আবৃত্তিতে শিল্পীকে স্মরণ করেন সবাই। শুরুতে শিল্পীর সম্মানে সবাই এক মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন করেন। ‘আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে’ সমবেত গানের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। এতে সভাপতিত্ব করেন শিক্ষাবিদ অধ্যাপক জিল্লুর রহমান সিদ্দিকী।অনুষ্ঠানের প্রধান আলোচক অধ্যাপক রফিকুল ইসলাম বলেন, কণ্ঠের মাধুর্য, বলিষ্ঠতা, উচ্চারণ, বাচন—সব মিলিয়ে কলিম শরাফী যে গান করতেন, তা অভিনব এক রূপ লাভ করে। তাঁর গানগুলো যদি অন্য শিল্পীরা পেতেন, তখন বুঝতেন রবীন্দ্রসংগীত কতটা অনির্বচনীয় হতে পারে।আলোচনায় সম্মিলন পরিষদের অন্যতম প্রতিষ্ঠাতা ডা. সারওয়ার আলী বলেন, কলিম শরাফীদের মতো মানুষের মৃত্যু হয় না। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন রবীন্দ্রসংগীতশিল্পী তপন ভট্টাচার্য, অধ্যাপক নূরুল আনোয়ার, শিল্পী কিশওয়ার প্রমুখ।সাতক্ষীরায় রবীন্দ্র উৎসবসাতক্ষীরার নিজস্ব প্রতিবেদক জানান, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সার্ধশত জন্মবার্ষিকী উপলক্ষে গতকাল শনিবার সাতক্ষীরায় অনুষ্ঠিত হয়েছে দিনব্যাপী রবীন্দ্র উৎসব। সকালে সাতক্ষীরা শিল্পকলা একাডেমী চত্বরে বাংলাদেশ শিল্পকলা একাডেমীর মহাপরিচালক কামাল লোহানী ও জেলা প্রশাসক মো. আবদুস সামাদ জাতীয় পতাকা উত্তোলন করেন। সাতক্ষীরা জেলা শিল্পকলা একাডেমী, জেলা সাংস্কৃতিক পরিষদ, কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরি ও সাতক্ষীরা জেলা প্রশাসনের উদ্যোগে এই উৎসবের আয়োজন করা হয়।সাতক্ষীরা শিল্পকলা একাডেমী মিলনায়তনে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন সাংসদ মুজিবুর রহমান, কবি কানাই সেন, অমিতাভ চক্রবর্তী, দীপক চক্রবর্তী, অভিজিৎ বিশ্বাস, গোপাল বিশ্বাস প্রমুখ।