নিয়মিত লিখে যেতে চাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ শিল্পকলা একাডেমীর আয়োজনে তৃতীয় নারী নাট্যকর্মী সম্মেলন-২০১২-এ নারী নাট্যকর্মীদের সংকট ও সম্ভাবনা নিয়ে মূল প্রবন্ধ উপস্থাপন করেন রুমা মোদক। তিনি হবিগঞ্জ জীবন সংকেত নাট্যগোষ্ঠীর নাট্যকর্মী। ১৯৯৮ সালে কলাবতীর পালা নাটক রচনার মধ্য দিয়ে তাঁর মঞ্চাঙ্গনে প্রবেশ। তার পর থেকে মঞ্চের জন্য লিখে যাচ্ছেন নিয়মিত। এরই মধ্যে দর্শকনন্দিত হয়েছে তাঁর জ্যোতিসংহিতা নাটক। কথা হলো তাঁর সঙ্গে।মঞ্চে কাজ শুরু কবে থেকে ও কীভাবে?ছাত্রজীবন থেকে লেখালেখি করতাম। মঞ্চের সঙ্গে সম্পৃক্ততা নাটক রচনার মধ্য দিয়ে। প্রথম নাটক মঞ্চে আসে ১৯৯৯ সালে। নাটকের নাম কলাবতীর পালা । তার পর থেকে জীবন সংকেত নাট্যগোষ্ঠীর সঙ্গে সক্রিয় কর্মী হিসেবে কাজ করে যাচ্ছি।তৃতীয় নারী নাট্যকর্মী সম্মেলনে নারী নাট্যকর্মীদের সংকট ও সম্ভাবনা নিয়ে মূল প্রবন্ধ লিখেছিলেন আপনি। এসব সংকট ও সম্ভাবনাকে কীভাবে চিহ্নিত করেছেন?আমি নারী নাট্যকর্মীদের সংকটগুলোকে দুভাবে দেখেছি। রাজধানী ও রাজধানীর বাইরে নারী নাট্যকর্মীদের সংকট সংগত কারণেই ভিন্নতর। রাজধানীর মেধাবী নারী নাট্যকর্মীরা প্রায়ই মঞ্চে সময় দিতে পারেন না মিডিয়ায় ব্যস্ততার কারণে। রাজধানীর বাইরে প্রতিভাময়ী নারী নাট্যকর্মীরা ইচ্ছা থাকা সত্ত্বেও মঞ্চে কাজ করতে পারেন না পারিবারিক ও সামাজিক বাস্তবতা এবং আর্থিক সংকটের কারণে। আমি মনে করি, দৃষ্টিভঙ্গির পরিবর্তন, রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা, আর্থিক সহায়তা ইত্যাদি সংকট দূর করতে কার্যকর ভূমিকা রাখতে পারে।এই সম্মেলনের ফলে মঞ্চে এর প্রভাব কতটুকু লক্ষ করেছেন।আমি আশাবাদী মানুষ। আমি মনে করি, মঞ্চে নারী নাট্যকর্মীদের সংকটগুলো নিয়ে আলাদাভাবে ভাবনা শুরু হয়েছে। গ্রাম থিয়েটার ও গ্রুপ থিয়েটার ফেডারেশন কাজগুলো শুরু করেছে। মঞ্চে একদিন অবশ্যই এর সুফল মিলবে।আপনার দল জীবন সংকট নাট্যগোষ্ঠী সম্পর্কে বলুন।জীবন সংকট নাট্যগোষ্ঠী প্রতিষ্ঠিত হয় ১৯৮৬ সালে। তার পর থেকে ২৫ বছর যাবৎ মঞ্চে নিরবচ্ছিন্নভাবে নাট্যচর্চা করে যাচ্ছি। এই সুদীর্ঘ সময়ে ৩৪টি নাটকের ৭০০টির বেশি মঞ্চায়ন সম্পন্ন করেছি। দেশের প্রায় সব কটি বিভাগে নাটক মঞ্চায়ন করেছি। আর্থিক সংকট, মহড়া কক্ষের সংকট, মঞ্চসংকট, নারী নাট্যকর্মী এমনকি পুরুষ নাট্যকর্মীসংকট, মৌলবাদের সংকট—এসব সংকটের পরও আমরা নিয়মিত মঞ্চে কাজ করে যাচ্ছি। একটি প্রতিনিধিত্বশীল নাট্য সংগঠনের পরিচয় অর্জন করেছি।সম্প্রতি আপনি রচনা করেছেন ‘জ্যোতিসংহিতা’ নাটক। এর নির্দেশনা দিয়েছেন সুদীপ চক্রবর্তী। এটি বেশ দর্শকনন্দিত হয়েছে। এ সম্পর্কে জানতে চাই।ভাটি বাংলার বীর মুক্তিযোদ্ধা শহীদ জগৎজ্যোতি দাস (বীর বিক্রম) ও তাঁর নেতৃত্বাধীন দাস পার্টির দুরন্ত যুদ্ধ বিজয়গাথা ও জগৎজ্যোতির মহাকাব্যিক আত্মদান এই নাটকের উপজীব্য। মূলত একজন বীর যোদ্ধাকে শ্রদ্ধা জানানোর প্রয়াসে এ প্রজন্মের লেখক হিসেবে আমার দায়বদ্ধতা রয়েছে বলে আমি মনে করি। সে জন্যই আমার জ্যোতিসংহিতা নাটক রচনা করা।মঞ্চের জন্য ভবিষ্যতের ভাবনা কী?নিরবচ্ছিন্নভাবে মানসম্পন্ন নাট্যচর্চা করা সত্ত্বেও শুধু রাজধানীকেন্দ্রিক নয় বলে রাজধানীর দলগুলোর আন্তর্জাতিক অঙ্গনে যে সুযোগ পায়, জীবন সংকেত নাট্যগোষ্ঠীর মতো রাজধানীর বাইরের দলগুলো তা থেকে বঞ্চিত। আমি জীবন সংকেত নাট্যগোষ্ঠীকে নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে দেশের প্রতিনিধিত্ব করতে চাই। আমি মঞ্চের জন্য নিয়মিত লিখে যেতে চাই।