নীতিমালা চূড়ান্ত, প্রিভিউ কমিটি হয়নি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সমান হারে শিল্পী ও কুশলী নিয়োগ বাধ্যতামূলক করে যৌথ প্রযোজনায় চলচ্চিত্র নির্মাণের সংশোধিত নীতিমালা চূড়ান্ত হয়েছে। ২০১২ সালের নীতিমালার নির্দেশনাগুলোর সঙ্গে আরও বেশ কিছু নির্দেশনা, যেমন: যৌথ প্রযোজনায় ছবি নির্মাণের অনুমতির সঙ্গে চলচ্চিত্র নির্মাণের পরিকল্পনা, লোকেশনের বর্ণনা, বাজেট, বিনিয়োগের পরিমাণের পূর্ণাঙ্গ বিবরণ ইত্যাদি যোগ করে যৌথ প্রযোজনায় চলচ্চিত্র নির্মাণ নীতিমালা ২০১৭ প্রকাশ করা হয়। নতুন নীতিমালায় মন্ত্রণালয়ের দেওয়া নির্দেশনাগুলো শতভাগ মেনে চলার কথা বলা হয়েছে। কোনো বিদেশি প্রযোজক এই নির্দেশনা লঙ্ঘন করলে তিনি আর এ দেশে যৌথ প্রযোজনায় চলচ্চিত্র নির্মাণের অনুমতি পাবেন না, আর দেশি প্রযোজক হলে এক বছরের জন্য অনুমতি পাবেন না।

গত ১২ ডিসেম্বর যৌথ প্রযোজনার চূড়ান্ত নীতিমালা তথ্য মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হয়। সেদিন থেকেই এটি কার্যকর হয়েছে বলে নীতিমালায় উল্লেখ আছে। তবে প্রিভিউ কমিটির সদস্য চূড়ান্ত না হওয়ায় এই নীতিমালা অনুযায়ী যৌথ প্রযোজনার নতুন কোনো ছবির চিত্রনাট্য আপাতত পাস হচ্ছে না।
তাই চলচ্চিত্রসংশ্লিষ্ট অনেকেরই প্রশ্ন-কবে প্রিভিউ কমিটি গঠিত হবে? এই প্রশ্নের জবাবে তথ্য মন্ত্রণালয়ের উপসচিব (চলচ্চিত্র) শাহিন আরা বেগম জানিয়েছেন, প্রিভিউ কমিটি গঠনের সব প্রক্রিয়া শুরু হয়ে গেছে। তিনি বলেন, ‘কমিটি গঠনের লক্ষ্যে আমরা মন্ত্রণালয় থেকে এরই মধ্যে সবার কাছেই প্রতিনিধি চেয়ে চিঠি পাঠিয়েছি। হয়তো এত দিনে সবাই চিঠি পেয়ে গেছেন। প্রতিনিধিদের নামও শিগগিরই পেয়ে যাব। আশা করছি, এক সপ্তাহের মধ্যেই প্রিভিউ কমিটি গঠিত হবে।’
নতুন নীতিমালায় আছে, মোট আট সদস্য নিয়ে হবে যৌথ প্রযোজনায় চলচ্চিত্র নির্মাণের প্রিভিউ কমিটি। এতে বিএফডিসির (বাংলাদেশ ফিল্ম ডেভেলপমেন্ট করপোরেশন) ব্যবস্থাপনা পরিচালক থাকবেন সভাপতি। সদস্য হিসেবে থাকবেন উপসচিব, একজন চলচ্চিত্র ব্যক্তিত্বসহ চলচ্চিত্রসংশ্লিষ্ট চারটি সংগঠনের চারজন প্রতিনিধি। এই কমিটির সদস্যসচিব হবেন বিএফডিসির একজন পরিচালক।
‘যৌথ প্রযোজনায় চলচ্চিত্র নির্মাণ নীতিমালা ২০১৭’ প্রণয়নের জন্য যে কমিটি তৈরি করা হয়েছিল, তার অন্যতম সদস্য পরিচালক সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজার বলেন, ‘নতুন নীতিমালা তৈরি না হওয়ার কারণে অনেক দিনই যৌথ প্রযোজনায় চলচ্চিত্র তৈরি আটকে আছে। এখন নতুন উদ্যমে আবার কাজ শুরু হবে। সঠিক নিয়মের মধ্য দিয়ে ভালো ভালো ছবি তৈরির গতি বাড়বে।’
এদিকে শিকারি, বাদশা, নবাবসহ যৌথ প্রযোজনায় নির্মিত একাধিক ছবির প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার চেয়ারম্যান আবদুল আজিজ নতুন নীতিমালাকে ভালো সিনেমা তৈরির অন্তরায় বলে মন্তব্য করছেন। তাঁর বিবেচনায় নতুন নীতিমালায় ছবি নির্মাণ করতে গেলে ছবির অনুমতি নিতেই অনেক লম্বা সময় ব্যয় হয়ে যাবে, যা বাস্তবসম্মত নয়। তিনি বলেন, ‘আমাদের চলচ্চিত্র ধ্বংসের নীলনকশার নীতিমালা এটি। এই নিয়মে কোনো প্রযোজকই যৌথ প্রযোজনায় ছবি নির্মাণ করতে আসবেন না। শর্ত দিয়ে কখনোই ভালো চলচ্চিত্র নির্মাণ করা যায় না। এই নীতিমালা যদি সংশোধন না করা হয়, তাহলে চলচ্চিত্রের আরও সংকট তৈরি হবে। ভালো ছবি নির্মাণ বন্ধ হয়ে যাবে, সঙ্গে সিনেমা হলও।’ আজিজ প্রত্যাশা করছেন, যৌথ প্রযোজনায় ছবি নির্মাণের শর্তগুলো আরেকটু শিথিল হলে ভালো হয়।
উল্লেখ্য, গত ২০ সেপ্টেম্বর পর্যন্ত মন্ত্রণালয়ের ওয়েবসাইটে তোলা খসড়া নীতিমালার ওপর জনমত নেওয়া হয়। এর প্রায় তিন মাসের মাথায় চূড়ান্ত এই নীতিমালা প্রকাশিত হলো। খসড়া নীতিমালা থেকে জনমতের ভিত্তিতে একটি নির্দেশনায় পরিবর্তন আনা হয়। ছবি নির্মাণের অনুমতি পাওয়ার পর তা প্রিভিউ কমিটিতে জমা দেওয়ার জন্য ন্যূনতম ৭৫ দিনের প্রস্তাব দেওয়া হয়েছিল খসড়ায়, চূড়ান্ত নীতিমালায় জনমতের ভিত্তিতে তা কমিয়ে ৩০ দিনে আনা হয়। আর ২০১২ সালের নীতিমালা থেকে এবারের নীতিমালায় বিদেশি শিল্পী ও কুশলীদের বিভিন্ন প্রশাসনিক অনুমতিপত্রের স্বচ্ছতার ব্যাপারগুলোতে জোর দেওয়া হয়েছে।