নীপার আনন্দসন্ধ্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শিল্পাঙ্গনের স্বজনদের নিয়ে কেক কাটছেন শামীম আরা নীপা
শিল্পাঙ্গনের স্বজনদের নিয়ে কেক কাটছেন শামীম আরা নীপা

গেল সন্ধ্যায় রাজধানীতে ছিল একটি ঘরোয়া আসর। মধ্যমণি নৃত্যশিল্পী শামীম আরা নীপা। যথারীতি তাঁর পাশেই ছিলেন বন্ধু শিবলী মহম্মদ। দুজনের পরনে লাল পোশাক। নীপা লাল শাড়ি, শিবলী লাল প্রিন্স কোট। ভীষণ আনন্দের সেই মুহূর্ত।
গতকাল মঙ্গলবার সন্ধ্যায় ফুলে ফুলে ভরে উঠেছিল ঢাকা ক্লাবের সিনহা লাউঞ্জ। আসনগুলো মূল্যবান হয়ে উঠেছিল দেশের শিল্প ও সংস্কৃতি অঙ্গনের গুণী ও কিংবদন্তিতুল্য সব মানুষের ছোঁয়ায়। একে একে সামনে দাঁড়িয়ে পুরোনো দিনের স্মৃতিচারণ করেছেন তাঁরা, কেউ আবার শুধুই শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন নীপাকে।
এ বছর শিল্পকলায় একুশে পদকে ভূষিত হয়েছেন প্রখ্যাত নৃত্যশিল্পী, কোরিওগ্রাফার ও নাচের স্কুল ‘নৃত্যাঞ্চল’-এর অন্যতম পরিচালক শামীম আরা নীপা। তাঁকে সংবর্ধনা জানানোর আয়োজন করেছিল নৃত্যাঞ্চল। নীপার সম্মাননাকে নিজের করে নিয়ে সবাই বলেছেন, এই সম্মান আমাদের নৃত্যাঙ্গনের, আমাদের শিল্পাঙ্গনের সবার। সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর প্রত্যাশা করেছেন, নীপা তাঁর এই কর্মকাণ্ড সাফল্যের সঙ্গে চালিয়ে নিন। স্নেহের শিক্ষার্থী নীপাকে শুভাশীষ জানাতে এসে পুরোনো দিনের গল্প বলেছেন শিল্পী মুস্তাফা মনোয়ার।
নীপাকে শুভেচ্ছা জানাতে এসেছিলেন কণ্ঠশিল্পী ফেরদৌসী রহমান, মঞ্চসারথি আতাউর রহমান, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ, নৃত্যগুরু আমানুল হক, শিল্পী লায়লা হাসান, জিনাত বরকতউল্লাহ, নৃত্যশিল্পী কাজল ইব্রাহীম, ফাতেমা কাশেম, সুলতানা হায়দার, বেলায়েত হোসেন খান, আনিসুল ইসলাম হিরু, নিলুফার ওয়াহিদ পাপড়ি, টিভি ব্যক্তিত্ব বরকতউল্লাহ, চিত্রনায়িকা কবরী, চিত্রনায়ক ফেরদৌস, চিত্রনায়িকা পূর্ণিমা, নৃত্যগুরু মহুয়া মুখোপাধ্যায়, সংগীতশিল্পী সাদিয়া আফরিন মল্লিক, নাশিদ কামাল, আঁখি আলমগীর, দিনাত জাহান মুন্নী, গাউসুল আলম শাওন, গীতিকার কবির বকুল প্রমুখ।
উপস্থিত প্রিয়জনদের সম্মানে সহশিল্পীদের নিয়ে ‘আকাশ ভরা সূর্য তারা’ গানের সঙ্গে নাচ করেছেন নীপা। সবাইকে সঙ্গে নিয়ে কেটেছেন সুদৃশ্য কেক। কেকের ফালির মতো নিজের সমস্ত প্রাপ্তি, সম্মান ও আনন্দ ভাগাভাগি করে নিয়েছেন শিল্পাঙ্গনের স্বজনদের সঙ্গে। আনন্দঘন এই সন্ধ্যার সঞ্চালক ছিলেন শিবলী মহম্মদ ও মুহাম্মদ জাহাঙ্গীর। এ ছিল নীপার আনন্দসন্ধ্যা।
যারা শুভেচ্ছা জানিয়েছেন, নিজ জীবন ও শিল্পাঙ্গনে তাঁদের অবদানের কথা সংক্ষেপে তুলে ধরেন শামীম আরা নীপা। সব শেষে একুশে পদক পাওয়ায় রাষ্ট্র ও ভক্তদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। অগ্রজদের শ্রদ্ধা জানিয়ে মিষ্টি করে উচ্চারণ করেন, ‘সাফল্য লভি যবে, মাথা করি নত/জাগে মনে আপনার অক্ষমতা যত।’